কমনওয়েলথ গেমে বক্সারদের দাপটের কথা সকলেরই জানা। এবার ভারতীয় মহিলা বক্সারদের দাপট দেখা গেল বিশ্ব চ্যাম্পিয়নশিপে। একই দিনে সোনা জয় করলেন নীতু ঘংঘাস (Nitu Ghanghas), সুইটি বুরার। প্রথমে লাইট ফ্লাইওয়েট সোনা জেতেন নীতু। তারপর দ্বিতীয় সোনাটি আসে ৮১ কেজি বিভাগে সুইটি বুরার হাত ধরে।
ফের বিশ্ব মঞ্চে চ্যাম্পিয়নশিপ (World Boxing Championship) ফাইনালে মঙ্গোলিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ভারতকে সোনা এনে দিলেন ২২ বছরের বক্সার নীতু ঘংঘাস। লাইট ফ্লাইওয়েট বিভাগের ফাইনালে মঙ্গোলিয়ার প্রতিযোগীকে কার্যত একপেশে ম্যাচে তিনি উড়িয়ে দেন। লুৎসাইখান আলতানসেতসেগের বিরুদ্ধে নীতু জিতলেন ৫-০ ব্যবধানে। নীতু ফাইনালে আগ্রাসী মেজাজে নেমেছিলেন। প্রতিপক্ষ মঙ্গোলিয়ার বক্সারকে কোনও সুযোগই দেননি। কার্যত তাঁকে ধরাশায়ী করে দেন। নীতুর হাত ধরেই এবারের চ্যাম্পিয়নশিপে ভারতের ঝুলিতে প্রথম সোনা আসে। নীতু ঘংঘাস এর আগেও কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। এর আগে তিনি যুব চ্যাম্পিয়নে টানা দু’বার সোনার পদক জিতেছিলেন। তবে এতকিছুর মধ্যে সিনিয়র পর্যায়ে মাত্র ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয় সবাইকে রীতিমতোন চমকে দিয়েছে ।
এখানেই শেষ নয় নীতুর পরই চিনের ওয়াং লিনাকে টানটান ম্যাচে হারিয়ে ভারতকে দ্বিতীয় সোনাটি এনে দেন সুইটি। ফাইনালে তিনি জেতেন ৪-৩ পয়েন্টের ব্যবধানে। জোড়া সোনা পেয়ে ভারতবাসী খুশিতে আত্মহারা। চ্যাম্পিয়নশিপে এটি ভারতের দ্বিতীয় সোনা। সুইটিও ভারতীয় বক্সিং সার্কিটে পরিচিত নাম। তবে, তাঁর এই সোনাজয় খানিকটা অপ্রত্যাশিত।
তবে জানা গিয়েছে, এর আগে মাত্র পাঁচজন ভারতীয় বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। মেরি কম একাই ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও সরিতা দেবী, জেনি লালরেমলিয়ানি, লেখা চেট্টাদি এবং নিখাত জরিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন।







