ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) এবার দুরন্ত ফর্মে রয়েছে এফসি গোয়া। ইতিমধ্যেই তারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। তবে দলটির স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখানেই থামতে চান না। শেষ দুটি ম্যাচে মহামেডান স্পোর্টিং ও মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টই তাদের লক্ষ্য।
এফসি গোয়ার মিডফিল্ডার রোল্লিন বর্গেসের বক্তব্যেই দলের মানসিকতা স্পষ্ট। তিনি বলেন, “আমরা দ্বিতীয় স্থানে থাকলেও প্রতিটি ম্যাচে জয়ের জন্যই খেলতে নামব। প্রতিপক্ষ কে, সেটা বড় কথা নয়।” দলটির সাম্প্রতিক পারফরম্যান্সও এই আত্মবিশ্বাসের পিছনে অন্যতম কারণ। শেষ ১৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে পরাজিত হয়েছে তারা। এমন ধারাবাহিকতা আইএসএলে খুব কম দলই ধরে রাখতে পেরেছে।
কোচ মার্কুয়েজ অবশ্য এই সাফল্যের কৃতিত্ব গোটা দলকেই দিয়েছেন। তিনি বলেন, “এটি শুধু একজন বা দুইজন খেলোয়াড়ের জন্য নয়, বরং গোটা দলের কঠোর পরিশ্রমের ফল।” তিনি আরও যোগ করেন, “আমাদের দল ও ড্রেসিং রুমের পরিবেশ দারুণ। সন্দেশ ও ইকার সুস্থ হয়ে ফিরলে আমরা আরও শক্তিশালী হব।”
যদিও সেমিফাইনাল নিশ্চিত, তবুও বাকি ম্যাচগুলোতে শিথিল হতে চান না মার্কুয়েজ। তার মতে, ধারাবাহিকতা ধরে রাখা অত্যন্ত জরুরি। তাই মহামেডান স্পোর্টিং ও মোহনবাগানের বিপক্ষে ম্যাচে সেরা দল হিসেবেই খেলতে চাইবে গোয়া। এবার তাদের একটাই লক্ষ্য—লিগের সেরা না হয়ে, কাপজয়ী হওয়া!







