খেলাধুলা

আইপিএলে কেকেআরের নতুন ক্যাপ্টেন অভিজ্ঞ রাহানে, ডেপুটির দায়িত্বে ভেঙ্কটেশ

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল ২০২৫-এর জন্য অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানেকে, সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে (ভেঙ্কি)। কেকেআরের এই নতুন নেতৃত্ব দলকে চতুর্থ শিরোপার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী ম্যানেজমেন্ট।

রাহানের কেকেআর দলে ফেরার গল্পটি যথেষ্ট নাটকীয়। নিলামের প্রথম দিনে তিনি অবিক্রীত থাকলেও, দ্বিতীয় দিনের শেষ লগ্নে মাত্র ১.৫ কোটি টাকায় তাঁকে দলে নেয় কেকেআর। অন্যদিকে, আগের মৌসুমে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকায় কিনে আনাটা ফ্র্যাঞ্চাইজির বড় সিদ্ধান্তের মধ্যে একটি।

রাহানে ২০২২ সালে কেকেআরের জার্সিতে খেললেও খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৩ সালে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি আবার নজর কাড়েন। সাম্প্রতিক সময়ে মুম্বাইকে সৈয়দ মুস্তাক আলি ট্রফির শিরোপা এনে দেওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন তিনি।

ভেঙ্কটেশ আইয়ার গত মৌসুমে কেকেআরের হয়ে ৩৭০ রান করেছিলেন, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তাঁর আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা তাঁকে রাহানের ডেপুটি পদে উপযুক্ত করে তুলেছে বলে মনে করছে দল।

কেকেআর এবারের আইপিএলের প্রথম ম্যাচে ২২ মার্চ ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে কেমন করে রাহানে-আইয়ার জুটি, সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.