দেশভাইরাল

ভালোবাসার মূল্য – ঘাড়ে জোয়াল তুলে হাল চাষ, চাঞ্চল্যকর ঘটনা ওড়িশায়

ভালোবেসে এক হলেন দু’জন। কিন্তু সমাজের চোখে তা যেন অপরাধ! আর সেই ‘অপরাধ’ -এর শাস্তি ঘাড়ে জোয়াল চাপিয়ে হাল টানা। এমনই এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল ওড়িশার রায়গড়ার এক গ্রাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

ঘটনাটি ঘটেছে রায়গড়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গ্রামেরই দুই তরুণ-তরুণীর মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকলেও তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং কয়েকদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাঁদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি গ্রামের অধিকাংশ বাসিন্দা। তাদের মতে, এই সম্পর্ক সামাজিক নিয়মের পরিপন্থী। আর সেই ‘অপরাধেই’ জোটে হয় শাস্তি।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ধানক্ষেতে নতুন দম্পতির ঘাড়ে বাঁধা হয়েছে জোয়াল। তাঁদের দিয়ে জোর করে হাল টানানো হচ্ছে। পেছনে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন লাঠি হাতে। কেউ তাঁদের ধমকাচ্ছেন, কেউ আবার হাততালি দিয়ে তামাশা উপভোগ করছেন। এমনকী, পরে তাঁদের একটি মন্দিরে নিয়ে গিয়ে ‘শুদ্ধিকরণ’ করার ঘটনাও সামনে এসেছে।

যদিও ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে ভিডিওটি ছড়িয়ে পড়তেই তদন্তে নামে রায়গড়া জেলা পুলিশ। পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজে থেকেই একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের খুঁজে বের করার কাজ চলছে, প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরনের আচরণ শুধুই নৃশংস নয়, আইনত অপরাধও বটে। যারা এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, রায়গড়ার এলাকায় এই ধরনের ‘শুদ্ধিকরণ’-এর ঘটনা এর আগেও ঘটেছে। চলতি বছরের শুরুতেও অন্য জাতের পাত্রকে বিয়ে করায় এক মহিলার পরিবারের প্রায় ৪০ জন সদস্যকে মাথা কামিয়ে ‘শাস্তি’ দেওয়া হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.