দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কালীডাঙ্গা শ্রীরামপুর এলাকায় স্বামীকে ডিভোর্স দেওয়ার অপরাধে দা দিয়ে স্ত্রীর হাত কেটে নিল স্বামী।
সূত্র মারফত জানা যায় বেশ কয়েক মাস ধরে পারিবারিক অশান্তি চলছিল স্বামী-স্ত্রী শাহজাহান মোল্লা ও জরিনা মোল্লার মধ্যে।কারন শাহজাহান মোল্লা একাধিক মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছিল। এমনকি সেই সব প্রেমিকাদের প্রায়ই তার বাড়িতে নিয়ে আসছিল। এনিয়ে শাহজাহানের সঙ্গে জরিনার অশান্তি চলছিল।
সম্প্রতি স্বামী শাহজাহানকে ডিভোর্স দেয় স্ত্রী জরিনা। কিন্তু আজ আচমকাই শাহজাহান মোল্লা জরিনাকে দা দিয়ে কোপায়। জরিনার একটা হাত কেটে নেয়, তার শরীরের বিভিন্ন জায়গায় দায়ের কোপ মারে বলে অভিযোগ পরিবারের।রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে প্রথমে ক্যানিং হাসপাতাল এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যায়।
আজ গোপন সূত্রের খবর পেয়ে বাসন্তী থানার পুলিস বাসন্তী সোনাখালি এলাকা থেকে শাহজাহান মোল্লাকে গ্রেফতার করে। অভিযুক্ত শাহজাহান মোল্লা পুলিসের কাছে স্বীকার করেছে, রাতের অন্ধকারে জানলা দিয়ে ঘরের মধ্যে ঢুকে দা নিয়ে লুকিয়ে ছিল সে। তার পর সকালে স্ত্রীর সাথে ডিভোর্স নিয়ে ঝামেলা হতেই দা দিয়ে তার হাত কেটে নেয় ও তার মাথায় ও পেটেও দায়ের আঘাত করে।







