সাত বছর পর হকি ইন্ডিয়া লিগ আবারও মাঠে ফিরছে। এবার নতুন আঙ্গিকে মহিলাদের জন্যও লিগ চালু হচ্ছে। ২০২৪ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, যেখানে ছেলেদের বিভাগে আটটি এবং মহিলাদের বিভাগে ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ছেলেদের খেলা হবে রৌরকেলায়, আর মহিলাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাঁচীতে।
এই লিগে কলকাতা সহ একাধিক নতুন শহরের দল অংশগ্রহণ করবে। ছেলেদের লিগে শ্রাচী স্পোর্টসের মালিকানাধীন কলকাতার দলও থাকছে। মহিলাদের বিভাগেও কলকাতা অংশ নেবে, যেখানে আরও থাকছে হরিয়ানা, দিল্লি, ওড়িশার দল। প্রতিটি দলে ২৪ জন খেলোয়াড় থাকবে, যার মধ্যে অন্তত ১৬ জন ভারতীয়, এবং চার জন জুনিয়র খেলোয়াড় রাখা বাধ্যতামূলক।
আগামী ১৩-১৫ অক্টোবর লিগের নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে পুরুষ ও মহিলা মিলিয়ে ১০টি সংস্থা দল কিনেছে। খেলোয়াড়দের দাম তিন ভাগে ভাগ করা হয়েছে— ২ লক্ষ, ৫ লক্ষ এবং ১০ লক্ষ। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন, “এই লিগ খেলাধুলার জগতে ইতিহাস তৈরি করবে এবং ভবিষ্যৎ তারকার জন্ম দেবে।”






