প্রচলিত কথা অনুযায়ী বাংলার পাল রাজন্তকালে বনিক জয়দত্ত বশিষ্ঠ আরাধিতা দেবীর শিলা মূর্তি উদ্ধার করে তারাপীঠে এই তিথিতে ধুমধাম করে পূজো করা হত। সেই থেকেই এই তিথিটি তারা মায়ের আবির্ভাব তিথি হিসেবে ধরা হয়। মন্দিরে ধুমধাম সহকারে পুজোর পাশাপাশি ঘরে ঘরে এদিন দেবীর আরাধনা করেন ভক্তরা। এদিন তারাপীঠে তারা দেবীকে রাজবেশে সাজিয়ে পুজো করা হয়। সন্ধ্যায় আবার স্নান করিয়ে গর্ভগৃহে প্রবেশ করানো হয়।
তিনি এবার রাজরাজেশ্বরী রূপে লক্ষ্মী মূর্তিতে পূজিতা হন। রাতের বিশেষ ভোগে থাকে মা’কে দেওয়া হয় খিচুড়ি, পোলাও, পাঁঠার মাংস, মিষ্টি, পায়েস ও দই। উৎসবে সমাবেশ হয় কয়েক লক্ষ ভক্তের। রাজ্য ও রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ আসেন পুজোর এই উৎসবে সামিল হতে। মন্দির ও তার সংলগ্ন চত্বর সাজিয়ে তোলা হয় আলোর মালায়। মন্দির চত্বরে থাকে কড়া নিরাপত্তা। পুলিশ ও প্রশাসনের তরফেও নেওয়া হয় বাড়তি সতর্কতা।
এছাড়াও এই মুহূর্তে তারা মা’র আবির্ভাব তিথি ঘিরে উপচে পড়া ভিড় বীরভূমের তারাপীঠে। ভক্ত সমাগমে ভাসতে চলেছে তারা মন্দির চত্বর। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন আবির্ভূতা হয়েছিলেন মা তারা। এই বিশেষ তিথিতে ধুমধাম করে হয় পুজো। পা রাখার জায়গা নেই তারা মন্দিরের আশেপাশে।







