হলিউডের অ্যাকশন সুপারস্টার টম ক্রুজ আবার ফিরছেন বড়োপর্দায়, তাও একাধিক চমক নিয়ে। ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’-এর সাফল্যের পর এবার দর্শকদের জন্য আসছে আরও বড়ো ঘোষণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে টম ক্রুজ নিজেই জানালেন তাঁর আগামী সিনেমাগুলির তালিকা। তিনি জানান, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘টপ গান’-এর তৃতীয় পর্ব, অর্থাৎ ‘টপ গান ৩’-এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সঙ্গে ফিরছে ৯০-এর দশকের কাল্ট রেসিং ফিল্ম ‘ডেজ অফ থান্ডার’-এর সিক্যুয়েলও। সাক্ষাৎকারে টম ক্রুজ বলেন,”এই মুহূর্তে আমরা অনেক গল্প নিয়ে ভাবছি। কী কী করা যায়, কীভাবে এগোনো যায়, সেটা নিয়েই চর্চা চলছে। ‘টপ গান’-এর পর ‘টপ গান: ম্যাভেরিক’ করতে ৩৫ বছর লেগেছিল। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও অনেক কিছু করছি।”
উল্লেখ্য, ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান: ম্যাভেরিক’ বিশ্বজুড়ে ঝড় তোলে। এই ছবি বক্স অফিসে ১.৪ বিলিয়ন ডলার আয় করে এবং পায় ছটি অস্কার নমিনেশন, যার মধ্যে ছিল ‘সেরা ছবি’র মনোনয়নও। এই অভাবনীয় সাফল্যের পরই প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট জানায়, পিট ‘ম্যাভেরিক’ মিচেল চরিত্রে আবার ফিরছেন টম ক্রুজ। ইতিমধ্যেই এহরেন ক্রুগার লিখছেন নতুন চিত্রনাট্য। পরিচালনার দায়িত্বে থাকতে পারেন জোসেফ কোসিনস্কি অথবা ক্রিস্টোফার ম্যাককোয়ারি। পাশাপাশি অভিনেতা গ্লেন পাওয়েল এবং মাইলস টেলারও ফিরে আসতে পারেন এই ছবিতে। অন্যদিকে, ‘ডেজ অফ থান্ডার’-এর সিক্যুয়েল নিয়েও চলছে তুঙ্গ উত্তেজনা। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত এই রেসিং ঘরানার ছবিতে টম ক্রুজ কোল ট্রিকল নামের এক তরুণ রেসারের ভূমিকায় নজর কেড়েছিলেন। যদিও মুক্তির সময় ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা হয়ে ওঠে এক কাল্ট ক্লাসিক। এবার সেই চরিত্রেই ফিরছেন টম ক্রুজ।
টম ক্রুজ আরও জানান,”আমি একটার পর একটা ছবি করছি। শুটিং, প্রস্তুতি, পোস্ট প্রোডাকশন সব চলছে একসঙ্গে। আমি ‘দ্য রেভেনেন্ট’-এর পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতুর সঙ্গে একটি দুর্দান্ত ছবি শেষ করলাম, সেটাও শিগগিরই মুক্তি পাবে। পাশাপাশি আমি আর ক্রিস্টোফার ম্যাককোয়ারি একসঙ্গে আরও বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করছি।” উল্লেখযোগ্যভাবে, কানে ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’-এর প্রিমিয়ারে দাঁড়িয়ে ৭.৫ মিনিটের উষ্ণ অভ্যর্থনা পান এই অভিনেতা। সব মিলিয়ে এক কথায় বলা চলে, টম ক্রুজ থামছেন না, থামবেনও না!







