মস্তানির যত্নে মত্ত হলেন বাজিরাও। রণবীর খবুই কেয়ারিং একজন স্বামী। আর এই কথা দীপিকা বারে বারেই অনেকবার প্রকাশ্যে বলেছেন। এমনকি, রণবীর দীপিকাকে নিত্যদিন কীভাবে সামলান তাও দীপিকা নানা সাক্ষাৎকারে খোলাখুলিভাবে বলেছেন। একজন স্বামী হিসেবে দীপিকার মতে রণবীর সবসময়ই একশোয় একশো। কিন্তু এবারে রণবীর শুধুমাত্রই একজন স্বামী নন।
বাবা হতে চলেছেন রণবীর। আর একজন ভালো বাবা হয়ে ওঠার প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করলেন তিনি। সূত্রের খবর, অভিনয় জগৎ থেকে খুব শীঘ্রই সাময়িক বিরতি নেবেন রণবীর। হাতের অবশিষ্ট কাজ শীঘ্রই মিটিয়ে পুরোপুরি দীপিকার যত্নে মনোনিবেশ করতে চান তিনি। শোনা যাচ্ছে, ‘ডন থ্রি’, ‘শক্তিমান’-এর শুটিং শুরু হওয়ার আগেই পিতৃত্বকালীন ছুটি নেবেন রণবীর। রণবীর ঘনিষ্ঠদের থেকে জানা গেছে, ইতিমধ্যেই অভিনেতা তাঁর আসন্ন ছবির প্রযোজকদের জানিয়ে দিয়েছেন এই ছুটির কথা।
আরও শোনা যাচ্ছে, মুম্বইয়ে সন্তানের জন্ম দেবেন না বলিউডের “লীলা”। তাহলে কি বিরাট ও অনুস্কার পথেই হাটবেন দীপিকা? না তেমনটা কিন্তু একেবারেই নয়। সূত্রের কথা মানলে ,মুম্বই ছেড়ে বেঙ্গালুরুতে গিয়ে অন্তঃসত্ত্বা দীপিকা তার মা-বাবার কাছে গিয়ে থাকবেন। আর সেখানেই তাদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে।
প্রথমে প্রেম এবং তারপর ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারকা যুগল। বিবাহের দীর্ঘ ৫ বছর পর মা হতে চলেছেন দীপিকা। জল্পনা শোনা যাচ্ছিল ফেব্রুয়ারির শুরুতে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার কথা। আর এই রটনা ঘটনায় পরিণত হল ২৯ ফেব্রুয়ারি। ওইদিনই রণবীর ও দীপিকা তাদের এই সুখবর স্যোশাল মিডিয়াতে দেন। জানান, সেপ্টেম্বর মাসে তাদের সন্তানের জন্ম হবে। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেই আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে গেলেও, এখন বিশ্রামেই রয়েছেন নায়িকা।







