অ্যান্ডি মারে অবসর নেন ৩৭ বছরে , রাফায়েল নাদাল খেলা ছেড়েছিলেন ৩৮ এ, রজার ফেডেরার ৩৯ বছর বয়সে খেলেছিলেন শেষ গ্র্যান্ড স্ল্যাম । এবার নোভাক জোকোভিচ পড়বেন ৩৮ বছরে । তবে কি এবার তাঁরও অবসরের পালা ! না একেবারেই নয় । অবসরের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন নোভাক। শুক্রবারই পায়ের পেশি ছিঁড়ে যায় ২৪ টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের । তারপরেই জল্পনা শুরু হয় , পরের গ্র্যান্ড স্ল্যাম শুরু হতে হতেই জোকোভিচের ৩৮ বছর বয়স হয়ে যাবে । তখন কি তিনি চোট সারিয়ে সুস্থ হয়ে ফিরতে পারবেন !
এ বিষয়ে জোকোভিচ বলেন , “চোট কতটা চিন্তার, তা আমি জানি না। এমন নয় যে আমি এটা নিয়ে খুব চিন্তা করছি। এখন প্রতিটা গ্র্যান্ড স্ল্যামই হয়ে গিয়েছে যে, আমি চোট পাব, না কি পাব না। শেষ দু’বছরে পরিসংখ্যান আমার পক্ষে নেই। সত্যিই আমি শেষ কয়েক বছরে বেশি চোট পাচ্ছি। কী কারণ জানি না। হয়তো একাধিক কারণ আছে। তবে আমি খেলা ছাড়ছি না। আরও গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য নামব। যে দিন মনে হবে সব কিছু তুলে রাখি, সে দিন ছেড়ে দেব।”
উল্লেখ্য , আগের বছরও জোকোভিচের হাঁটুতে অস্ত্রপ্রচার হয়েছিল । তবে অস্ত্রোপচারের দের মাসের মধ্যে উইম্বলডনেও ফিরেছিলেন । এবারেও অনুরাগীদের আশা চোট সারানোর পর , শীঘ্রই টেনিস কোর্টে ফিরবেন নোভাক জোকোভিচ।







