আইপিএলের মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবার এক যুগের অবসান ঘটিয়ে নতুন অধ্যায়ের সূচনা করল। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে রিটেন না করে, তারা দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার পেস তারকা অ্যানরিখ নরকিয়াকে। ৬.৫ কোটি টাকায় নরখিয়াকে কিনে নিজেদের পেস আক্রমণকে আরও মজবুত করেছে কেকেআর।
২০১৯ সালে কেকেআর-এর সদস্য ছিলেন নরখিয়া। তবে চোটের কারণে সেই মৌসুমে মাঠে নামতে পারেননি। ২০২০ সালে দিল্লি ক্যাপিটলসের হয়ে অভিষেক করা নরখিয়া তার গতির জাদুতে আইপিএলে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন। ৪৬ ম্যাচে ৮.৯৬ ইকোনমি রেটে ৬০ উইকেট শিকার করা এই প্রোটিয়া তারকা কেকেআরের বোলিং আক্রমণে ভরসার নাম হতে পারেন।
মিচেল স্টার্ক, যিনি গত মৌসুমে ২৫ কোটিতে কেকেআরের অংশ হয়েছিলেন, তার পারফরম্যান্স মিশ্র ছিল। প্লে-অফে দুর্দান্ত বোলিং করলেও পুরো মৌসুমে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তার বদলি হিসেবে সাড়ে ৬ কোটির নরখিয়া কেকেআরের পক্ষে সাশ্রয়ী এবং কার্যকর প্রমাণিত হতে পারে।
স্টার্কের বিদায় ও নরখিয়ার প্রত্যাবর্তনে কেকেআর সমর্থকদের মধ্যে আশার আলো জ্বলে উঠেছে। এবার দেখা যাক, নতুন এই গতির অস্ত্র কেকেআরের জার্সিতে কেমন পারফর্ম করে।







