খেলাধুলা

ইস্টবেঙ্গলকে শুধু আবেগ জেতাবে না ‘, বলছেন মনোরঞ্জন ভট্টাচার্য

একটা প্রথমেই কথা বলে রাখতে চাই। চারদিকে শুনতে পাচ্ছি যে, আইএসএলে প্রথম ছয়ে থাকার রাস্তা ক্রমেই কঠিন হচ্ছে ইস্টবেঙ্গলের। আচ্ছা বলুন তো, প্রথম ছয়ে না থাকতে পারলে কোন ইস্টবেঙ্গলের কোন ক্ষতিটা হয়ে যাবে? এমন তো নয় যে আগের বছর গুলোতে ইস্টবেঙ্গল দারুণ পারফর্ম করে নকআউট রাউন্ডে খেলেছে!

এবার আর তো নকআউটে জিতলে মহাদেশীয় প্রতিযোগিতার স্লটও পাওয়া যাবে না। সে স্লট ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল, সুপার কাপ জিতে।

তাই ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে শেষ করার ব্যাপারটাকে আমি বিশেষ পাত্তা দিতে চাই না। তবে ম্যাচটা যখন ডার্বি, তখন জেতার একটা বাধ্যবাধকতা থেকেই যায়। সেটা ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান , দু’তরফেই থাকে। কারণ বাঙালির আবেগ মানেই বড় ম্যাচ। কোটি কোটি সমর্থক চায়, তার প্রিয় দল এই ম্যাচটা জিতুক। সেই আবেগের দাম দেওয়ার যে চাপ থাকে ডার্বিতে, সেটা নতুন কিছু নয়। ইস্টবেঙ্গল এই মুহূর্তে একটু নড়বড়ে অবস্থায় আছে। শেষ কয়েকটা ম্যাচে একেবারেই পারফরম্যান্স ভালো হয়নি। বিশেষত জামশেদপুর এফসির বিরুদ্ধে যেভাবে এগিয়ে থেকে হারল, দেখে সেটা ভিষনই খারাপ লেগেছিল। আমি বলব, ওই হারটাই প্রথম ছয়ের দৌড়ে ইস্টবেঙ্গলকে অনেকটা পিছিয়ে দিয়েছে ।

বর্তমানে দুই দলের যা হাল, তাতে মোহনবাগানকে একটু এগিয়ে রাখতেই হচ্ছে। তাছাড়া শেষ সাক্ষাতের ড্র বাদ দিলে, লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সব ম্যাচ জেতার রেকর্ডটাও ওদের সঙ্গী। তাই আবেগের লড়াই হলেও ইস্টবেঙ্গল ম্যাচটা শুধু আবেগে ভর করতে জিততে পারবে না । জিততে হলে ছাপিয়ে যেতে হবেহাবাসের ট্যাকটিক্সকে । এমন নয় যে, কার্লেস কুয়াদ্রাতের দলের সেই ক্ষমতা নেই। ক্লেটন সিলভার মতো অসাধারণ ফরোয়ার্ড আছে দলে, যে দু’টো সুযোগ পেলে একটা গোল করবেই। লালচুংনুঙ্গা, ধীরে ধীরে ফর্মে ফিরছে মহেশ সিংও । মোহনবাগানের থেকে কম হলেও জেতার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের। কিন্তু শুধু আবেগ দিয়ে সেই কাজটা করা সম্ভব নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.