নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হারের ছবিটা যেন একরকমই থেকে যাচ্ছে। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও একই দৃশ্য—নিউজিল্যান্ডের আগ্রাসী ব্যাটিং, পাকিস্তানের ব্যর্থ বোলিং ও রুদ্ধশ্বাস ব্যাটিং বিপর্যয়। আর সেই ধ্বংসযজ্ঞের মূল কারিগর ছিলেন টিম সেফার্ট, যার ৩৮ বলে অপরাজিত ৯৭ রানের বিধ্বংসী ইনিংসে পাকিস্তানকে কার্যত গুঁড়িয়ে দিল কিউইরা।
এর আগে ব্যাটিং করতে নেমে পাকিস্তান যেন পুরোপুরি দিশাহীন। জেমস নিশাম পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। একমাত্র অধিনায়ক সালমান আঘা (৫১) কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন, কিন্তু বাকিরা কার্যত আত্মসমর্পণ করেন কিউই পেসারদের সামনে। শেষ চার ওভারে ২২ রান তুলতেই চার উইকেট হারায় পাকিস্তান, যার ফলে মাত্র ১২৮ রানে থেমে যায় তাদের ইনিংস। বল হাতে কিউই পেসার জিমি নিশান মাত্র ২২ রান দিয়ে চার ওভারে পাঁচটি উইকেট তুলে নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটারদের আগ্রাসী মানসিকতা প্রথম বল থেকেই স্পষ্ট ছিল। প্রথম ওভারেই আসে ১৮ রান, এরপর ধ্বংসযজ্ঞের নেতৃত্ব নেন সেফার্ট। ছয় ওভারের মধ্যেই ৯২ রান তুলে ফেলে নিউজিল্যান্ড, যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর। পাকিস্তানের একমাত্র সান্ত্বনা ছিলেন সুফিয়ান মুকিম, যিনি দুই ওভারে মাত্র ছয় রান দিয়ে দু’টি উইকেট তুলে নেন।
কিন্তু পাকিস্তানের বোলিং বিপর্যয় সেখানেই থেমে থাকেনি। শেষ দিকে শাদাব খানের এক ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে সেফার্ট ম্যাচ শেষ করেন, মাত্র ১০ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। একপেশে এই হারের পর পাকিস্তানের দলীয় গভীরতা নিয়ে প্রশ্ন উঠছে, আর নিউজিল্যান্ড আরও একবার প্রমাণ করল, কেন তারা বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল।







