খেলাধুলা

চোট সারিয়ে লখনউ শিবিরে আভেশ খান, হায়দরাবাদের বিপক্ষে কি সুযোগ পাবেন!

দীর্ঘ চোট কাটিয়ে অবশেষে লখনউ সুপার জায়ান্টস শিবিরে ফিরলেন আভেশ খান। ডান হাঁটুর চোটের কারণে গত জানুয়ারি থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন এই পেসার। তবে বিসিসিআই মেডিক্যাল টিমের ছাড়পত্র পেয়ে আইপিএল ২০২৫-এ মাঠে নামতে প্রস্তুত তিনি। আজ বৃহস্পতিবার, ২৭শে মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রবল।

আভেশের চোট মূলত তার ব্যস্ত ঘরোয়া মৌসুমের ধকলজনিত সমস্যা। গত কয়েক মাস বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাব করেছেন তিনি। সোমবার তার ফিটনেস পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে, এরপরই বিসিসিআই সবুজ সংকেত দিয়েছে। বুধবার এলএসজি শিবিরে যোগ দেন তিনি।

এলএসজি-র জন্য আভেশের প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের একাধিক ভারতীয় পেসার চোট সমস্যায় জর্জরিত। মায়াঙ্ক যাদব পিঠের স্ট্রেস ইনজুরি থেকে সেরে ওঠার পথে থাকলেও নতুন করে আঙুলের চোট পেয়েছেন। অকাশ দীপ এখনও অস্ট্রেলিয়া সফরে পাওয়া চোট থেকে পুরোপুরি সুস্থ হননি। আর মহসিন খান তো আগেই আইপিএল থেকে ছিটকে গেছেন।

চোট সমস্যার কারণে লখনউ তাদের পেস আক্রমণে ধার হারিয়েছে। এমন পরিস্থিতিতে আভেশের ফেরা দারুণ স্বস্তি দেবে ফ্র্যাঞ্চাইজিকে। তার অভিজ্ঞতা ও পেস বোলিং দক্ষতা লখনউয়ের বোলিং ইউনিটকে মজবুত করতে পারে, বিশেষত গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে। হায়দরাবাদের ব্যাটিং শক্তিকে চাপে ফেলতে পারলে এলএসজি তাদের প্রথম জয়ের পথে এগোতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.