সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে বারোদার কাছে ৪১ রানে পরাজিত হলেও বাংলার পেসার মহম্মদ শামি গড়লেন অনন্য ইতিহাস। ম্যাচে ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। তবে ম্যাচের ফলাফলের থেকেও বেশি আলোচনায় শামির ব্যক্তিগত অর্জন।
শামি টি-টোয়েন্টি ফরম্যাটে ২০০ উইকেট সম্পূর্ণ করেন এবং প্রথম শ্রেণি, লিস্ট-এ ও টি-টোয়েন্টি ফরম্যাটে ২০০ বা তার বেশি উইকেট নেওয়ার বিরল ত্রিফলা সম্পন্ন করেন। তিনিই ৩৪তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন। ভারতীয় পেসারদের মধ্যে জসপ্রিত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারের পর শামি এই তালিকায় তৃতীয়।
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন শামি। আইসিসি ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালের পর তিনি গোড়ালির সার্জারির জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে একটি ম্যাচে অংশ নেন। বর্তমানে শামি জাতীয় ক্রিকেট একাডেমির মেডিক্যাল টিমের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অন্তত দুটি টেস্ট খেলার সম্ভাবনা থাকলেও, তার হাঁটুর ফোলাভাব নিয়ে উদ্বিগ্ন বিসিসিআই। রোহিত শর্মা জানিয়েছেন, “শামি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। আমরা তার ওপর চাপ তৈরি করতে চাই না। মেডিক্যাল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করছে।”
শামির প্রত্যাবর্তন ভারতীয় দলের জন্য বড় ভরসা হতে পারে।







