ক্রিকেট বিশ্বে আর্থিক স্বচ্ছলতার দিক থেকে ভারতীয় বোর্ড (বিসিসিআই) এবং ইংল্যান্ডের ইসিবির (ইসিবি) পরই নাম আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার পর থেকেই এই সুপ্রতিষ্ঠিত সংস্থাটি লাগাতার লোকসানের মুখ দেখছে। এবারও তার ব্যতিক্রম হলো না। রেকর্ড অঙ্কের আয়ের পরেও লাভ-ক্ষতির হিসাব কষতে গিয়ে রীতিমতো ভিরমি খাচ্ছেন অজি বোর্ডের কর্তারা। কারণ হিসাব বলছে, গত অর্থবর্ষেও তাঁদের প্রায় ৬৫ কোটি টাকা ঘাটতি রয়ে গিয়েছে।
গত অর্থবর্ষে ভারত বনাম অস্ট্রেলিয়ার একটি মেগা টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। জানা যাচ্ছে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির সাদা জার্সিতে সম্ভবত শেষ সেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ থেকেই মোটা অঙ্কের রোজগার এসেছে অজি বোর্ডের ভাঁড়ারে। এছাড়াও, ঘরোয়া ক্রিকেটের নতুন সম্প্রচার স্বত্ব বিক্রি করেও ভালো লাভ করছে তারা। এই সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবর্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার মোট আয় হয়েছে ৪৫৩.৭ মিলিয়ন অজি ডলার যা সর্বকালীন রেকর্ড এবং আগের বারের তুলনায় প্রায় ৫ কোটি ডলার বেশি। কিন্তু সমস্যা হলো, একই সময়ে তাদের ব্যায়ও অনেক বেড়ে গিয়েছে। এর দুটি প্রধান কারণ দেখা যাচ্ছে: প্রথমত, অস্ট্রেলিয়া গত মরশুমে প্রচুর বিদেশ সফর করেছে, যার ফলে ৭০ দিন দলকে অতিরিক্ত বিদেশ সফরে রাখতে হচ্ছে এবং খরচ বেড়েছে বহুগুণ। দ্বিতীয়ত, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মার্কেটিংয়েও প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে তাদের। সব মিলিয়ে আগের বছরের তুলনায় খরচ বেড়েছে ২৪ মিলিয়ন অজি ডলার। এর ফলেভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকার বিপুল লোকসান।
প্রশ্ন উঠছে, আর্থিক দিক থেকে শক্তিশালী অস্ট্রেলীয় বোর্ডেরই যদি এই হাল হয়, তাহলে অন্য ছোট বোর্ডগুলোর কী হবে? ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য এই পরিস্থিতিতেও হাল ফেরাতে ভরসা রাখছে সেই রোহিত-কোহলির জনপ্রিয়তা এবং টেস্ট ক্রিকেটে। সূত্রের খবর, সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ থেকেও তারা ভালো লাভের মুখ দেখছে। আবার সামনেই রয়েছে বহু প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ, যেখান থেকেও মোটা আয়ের আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অর্থাৎ, পরের অর্থবর্ষে লাভের আশায় বুক বাঁধছে অজিরা।







