টি-টোয়েন্টি ম্যাচে হারের রেশ মেটার আগেই নতুন বিতর্কে জড়াল পাকিস্তান ও বাংলাদেশ। দুই দেশের লড়াই এখন মাঠ পেরিয়ে গড়িয়েছে পিচ কাঁটায়। মিরপুরে বাংলাদেশের কাছে লজ্জাজনক হার মেনে নিতে পারেননি পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। ফলাফল নয়, তোপ তাঁর উইকেটের উপর। প্রশ্ন, ক্রিকেটের মান না বাড়িয়ে পিচে প্রতিপক্ষকে বিপদে ফেলার খেলায় কি মেতে উঠছে বাংলাদেশ?
ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফখর জ়মান বাদে ব্যাটারদের ব্যর্থতায় টি-টোয়েন্টির ইতিহাসে তাদের অন্যতম কম স্কোর। বাংলাদেশি দুই পেসার তাসকিন ও মুস্তাফিজের ঘূর্ণিতে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। পরে পারভেজ হোসেন ও হৃদয়ের দৃঢ়তায় সহজেই ম্যাচ জেতে স্বাগতিকরা।
কিন্তু জয় উদ্যাপনের মাঝে ছায়া ফেলল হেসনের কড়া সমালোচনা। তাঁর মতে, “মিরপুরের এই পিচ আন্তর্জাতিক মানের নয়। মন্থর উইকেট আর নিচু বাউন্সে খেলে বাংলাদেশ নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। উন্নতির জন্য প্রয়োজন চ্যালেঞ্জিং পিচ।” তিনি আরও বলেন, “বিপিএলে ভাল পিচ থাকে। তাহলে আন্তর্জাতিক ম্যাচে এমন হবে কেন? এতে সামনের টুর্নামেন্টে সমস্যায় পড়বে ওরা।”
২০২১ সালে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও এমন উইকেট তৈরি করে জিতেছিল বাংলাদেশ। সমালোচনা হয়েছিল সেবারও। এবার সেই তালিকায় নাম লেখাল পাকিস্তান। প্রশ্ন উঠছে, দেশের মাটিতে সাফল্যের জন্য কৃত্রিম সুবিধা তৈরির এই প্রবণতা কি সত্যিই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।







