খেলাধুলা

নতুন যুগের সূচনা লর্ডসে! অধিনায়ক শুভমনের নেতৃত্বে ঐতিহাসিক সিরিজের প্রস্তুতিতে ভারত

ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে রবিবার দেখা গেল এক অন্য ভারতীয় দলকে—যেখানে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা বা অশ্বিন। নেতৃত্বে এক নতুন প্রজন্ম। শুভমন গিলের নেতৃত্বে যাত্রা শুরু ভারতের। ২০ জুন হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট। তার আগেই ভারতীয় দল মাঠে নেমে জানিয়ে দিল, তারা প্রস্তুতির কোনও খামতি রাখতে নারাজ।

শনিবার লন্ডনে পৌঁছে রবিবারই লর্ডসে অনুশীলন শুরু করে ভারতীয় দল। প্রথমে তাঁরা যান লর্ডসের ইনডোর স্টেডিয়ামে, সেখানে ওয়ার্ম আপ সেরেই মূল মাঠে হাজির হন গিল, পন্থরা। অনুশীলনের সূচনা হয় একটি ‘টিম হাডল’ দিয়ে, যেখানে শুভমন এবং কোচ গৌতম গম্ভীর দলের মধ্যে মনোবল জোগান।

প্রথম দিনে মূলত ফিল্ডিং অনুশীলনের দিকেই জোর দেওয়া হয়। পন্থ, অর্শদীপরা ফুটবল খেলায় গা গরম করে শুরু করেন অনুশীলন। এরপর চলে ক্যাচিং ও থ্রো-ডাউন প্র্যাকটিস। ডিউক বল নিয়ে গম্ভীরকে ঘিরে কিছু আলোচনা করতে দেখা যায় অর্শদীপকে। তবে ব্যাট বা বল হাতে মূল বোলিং ও ব্যাটিং অনুশীলন এ দিন হয়নি।

দলের সব সদস্য যদিও প্রথম দিনের অনুশীলনে ছিলেন না। ঈশ্বরন, যশস্বী, রাহুল, করুণ, ধ্রুব, নীতীশ ও শার্দূল এখন ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন। সেই ম্যাচ শেষে তারা যোগ দেবেন মূল দলে।

এই সিরিজেই ভারতীয় টেস্ট ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। শুভমন প্রথমবার টেস্ট নেতৃত্বে। কোহলি-রোহিত যুগ শেষ। ২০০৭ সালের পর আবার ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের লক্ষ্যে এগোচ্ছে ভারত।

লর্ডসের অনুশীলন শুধু একটা প্রস্তুতি নয়, বরং নতুন পথচলার প্রতিচ্ছবি। নতুন নেতৃত্ব, নতুন উদ্যম, আর পুরনো লক্ষ্য—ইংল্যান্ড জয়। এবার কি ইতিহাস গড়বে শুভমনের ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.