ভারতের দাবা ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় জুড়তে চলেছে। ২৩ বছর পর আবার দেশের মাটিতে বসছে দাবার বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর এই প্রথম বার আবার ফিডে বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। দাবার সর্বোচ্চ নিয়ামক সংস্থা ‘ফিডে’ সোমবার এই ঘোষণা করেছে। ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। যদিও এখনও আয়োজক শহরের নাম ঘোষণা হয়নি, তবে প্রবল সম্ভাবনা চেন্নাইয়ের পক্ষে।
চেন্নাই শুধু ভারতেরই নয়, বর্তমানে বিশ্ব দাবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ২০২২ সালে এখানে হয়েছিল দাবা অলিম্পিয়াড, এবং এখান থেকেই উঠে এসেছেন একাধিক গ্র্যান্ডমাস্টার। ভারতের বর্তমান দাবার ‘বুম’ এবং বিশ্বে ভারতীয় দাবাড়ুদের আধিপত্যই এই আয়োজনের প্রধান কারণ। এ বার ২০৬ জন প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিন জন ‘ক্যান্ডিডেটস’ জায়গা পাবেন, যাঁরা বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের বিরুদ্ধে ভবিষ্যতে লড়াই করবেন।
বিশ্বকাপের বর্তমান নিয়ম অনুযায়ী, র্যাঙ্কিংয়ের প্রথম ৫০ জন দ্বিতীয় রাউন্ড থেকে শুরু করবেন। বাকিদের প্রথম রাউন্ডে খেলতে হবে। প্রতি রাউন্ডে দু’টি ক্লাসিক্যাল ম্যাচ, ও টাইব্রেকারের মাধ্যমে ফল নির্ধারণ হবে।
ভারতের পক্ষে অংশ নিচ্ছেন গুকেশ, প্রজ্ঞানন্দ, এরিগাইসি, বিদিত গুজরাতির মতো তারকারা। তাঁদের সঙ্গে মাঠে নামবেন বিশ্বচ্যাম্পিয়নশিপ জয়ী, বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর ম্যাগনাস কার্লসেনও। এমন শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ঘরোয়া দর্শকদের উৎসাহ থাকবে তুঙ্গে, আর এই আয়োজন ভারতের দাবা সংস্কৃতিকে একধাপ আরও এগিয়ে নিয়ে যাবে।







