আন্তর্জাতিক মঞ্চে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের সাফল্য সাম্প্রতিক কালে অনেকটাই ম্লান। কিন্তু ক্লাব স্তরে সেই দেশের দলগুলির পারফরম্যান্স যেন আশার আলো দেখাচ্ছে দেশের ফুটবলপ্রেমীদের। ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের চারটি ক্লাবই জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। এই সাফল্য শুধু ক্লাব ফুটবলের নয়, বরং দেশের ফুটবল কাঠামোর জোরদার ভিত্তিরও প্রমাণ।
ইতিমধ্যেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছিল পামেইরাস ও বোটাফোগো। এবার সেই তালিকায় নাম লেখাল ফ্লুমিনেন্স ও ফ্ল্যামেঙ্গো। বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া ক্লাবের এই ধারাবাহিক সাফল্য দেশের স্থানীয় ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আন্তর্জাতিক স্তরে ব্রাজিলকে ফের উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে।
অন্যদিকে, ব্যর্থতার মুখে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। ইন্টার মিলানের বিরুদ্ধে ০-২ গোলে হেরে গ্রুপে তৃতীয় হয়ে বাদ পড়েছে তারা। গ্রুপ ই থেকে ইন্টার ও মেক্সিকোর ক্লাব মন্টেরে পেরিয়ে গিয়েছে পরবর্তী রাউন্ডে। মন্টেরে ৪-০ গোলে উরাওয়া রেডসকে হারিয়ে দাপট দেখিয়েছে। ফ্লুমিনেন্স যদিও মামেলোডি সানডাউন্সের সঙ্গে গোলশূন্য ড্র করেও গ্রুপ এফ থেকে ডর্টমন্ডের সঙ্গে শেষ ১৬-য় পৌঁছে গিয়েছে।
এখন অপেক্ষা বৃহস্পতিবারের চারটি ম্যাচের। শেষ পর্বে আরও চারটি দলের নাম চূড়ান্ত হবে সেখান থেকেই। রিয়াল মাদ্রিদ বনাম রেড বুল সালসবার্গ, আল হিলাল বনাম পাচুকা, জুভেন্টাস বনাম ম্যান সিটি এবং আল আইন বনাম উইদাদ এসি—এই ম্যাচগুলোর দিকেই তাকিয়ে ফুটবল দুনিয়া।







