খেলাধুলা

আজ পুরো তিন পয়েন্ট পেয়ে প্রথম ছয়ে উঠতে মরিয়া ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর পয়েন্ট তালিকাতে আইএসএলে অনেকটাই উঠে এসেছে। এরপর বৃহস্পতিবার জামশেদপুর এফসি-কে হারাতে পারলে প্রথম ছয়ে জায়গা করে নিতে পারবে লাল-হলুদ শিবির। অর্থাত্‍,প্লে-অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারবে ইস্টবেঙ্গল। কিন্তু লাল-হলুদ ব্রিগেডের কাছে কঠিন হতে চলেছে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ। ইস্টবেঙ্গল আজ পর্যন্ত আইএসএলে কোনও দিন টানা দু’টি ম্যাচে জিততে পারে নি। নতুন ইতিহাস তৈরিতে বৃহস্পতিবার তাদের সামনে সুযোগ এসছে। কিন্তু খালিদ জামিলের দলকে হারানো মোটেই সহজ নয়। জামশেদপুরের ভাগ্য ঘুরে গিয়েছে জামিল কোচ হয়ে আসার পর। মুম্বই সিটির মতো দলকে দু’গোলে হারিয়ে দিয়েছে তারা।

ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ জামিল। তিনি চাইবেন বদলা নিতে। সুপার কাপে ইস্টবেঙ্গলকে হারাতে পারেননি। আইএসএলে তার প্রতিশোধ নিতে মরিয়া জামিল। তিনিও চাইবেন লাল-হলুদের জালে বল জড়াতে। ম্যাচের আগে দিন তাই কোচ কার্লেস কুয়াদ্রাত বেশ সতর্ক। তিনি বলেছেন, ‘সুপার কাপে যে দল খেলেছিল তার থেকে এই জামশেদপুর দলটা ভাল। তবে আমরাও ভাল ফুটবল খেলছি। আশা করি সুপার কাপে যে খেলা খেলেছিলাম সেটা এখানেও দেখাতে পারব।’ তাঁর সংযোজন, ‘জামশেদপুরে প্রতিভার অভাব নেই। আমাদের মতো ওরাও প্লে-অফের জন্য লড়াই করছে। আমরাই শেষ দল যারা জামশেদপুরকে হারাতে পেরেছি। তবে কঠিন লড়াই তা নিয়ে সন্দেহ নেই। আমরা জয়ের জন্যই নামব।’

জামশেদপুর জামিলের অধীনে যে ভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে ঘাবড়াচ্ছেন না কুয়াদ্রাত। বলেছেন, ‘ফুটবল এ রকম বৈচিত্রময়। হঠাত্‍ করেই কোনও দল ফর্ম ফিরে পেতে পারে। দলের মধ্যে নেতিবাচক মানসিকতার প্রভাব যেমন পড়ে, তেমন ইতিবাচক মানসিকতা থাকলে ঘুরে দাঁড়ানো যায়। ওদের খেলা আমি দেখেছি। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমার্ধে খুব খারাপ খেলেছিল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে তিন গোল দিয়ে ম্যাচটা জিতে নিল। দু’অর্ধে দু’রকম জামশেদপুরকে দেখেছিলাম আমরা।’কুয়াদ্রাতের সঙ্গে নতুন বিদেশি পান্টিচ এসেছিলেন। তিনি বলেছেন, ‘২-৩ দিন হয়ে গেল দলের সঙ্গে যোগ দিয়েছি। কোচ এবং ফুটবলারদের সঙ্গে কথা হয়েছে। ওদের জন্যই খুব অল্প সময়ের মধ্যে দলের সঙ্গে মানিয়ে নিয়েছি। আশা করি মাঠে নামলে নিজের সেরাটাই দিতে পারব।’ পান্টিচ আরও বললেন, ‘এই প্রথম বার ভারতে এসেছি। আগে এখানে খেলে যাওয়া ফুটবলারদের সঙ্গে কথা বলেছি। শুনেছি ভারতের অন্যতম সেরা ক্লাব হল ইস্টবেঙ্গল। এখানকার ফুটবলের সম্পর্কে অনেক ভাল কথা শুনেই ভারতে এসে খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.