রাজকীয় জল্পনায় অবশেষে সত্যির সিলমোহর। দক্ষিণী ছবিরজনপ্রিয় জুটি Vijay Deverakonda ও Rashmika Mandanna সরাসরি জানিয়ে দিলেন—তাঁরা বিয়ে করতে চলেছেন। রবিবার গভীর রাতে যুগ্ম বার্তায় প্রকাশ্যে এল সেই ঘোষণা। আর অনুরাগীদের দেওয়া নামেই নিজেদের নতুন পরিচয় তুলে ধরলেন তাঁরা—‘বিরোশ’ (ViRoSh)।
কয়েক দিন ধরেই কানাঘুষো ছিল, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের ঐতিহাসিক শহর Udaipur-এ রাজকীয় আয়োজনেই নাকি চার হাত এক হবে দক্ষিণের এই হিট জুটির। এতদিন পর্যন্ত সবটাই ছিল জল্পনার পর্যায়ে। তবে রবিবার রাতে নিজেদের মুখেই মিলল ভালবাসার স্বীকৃতি। বিজয়-রশ্মিকার বার্তা, “আমরা কিছু পরিকল্পনা করার বা সিদ্ধান্ত নেওয়ার আগেই তোমরা আমাদের পাশে ছিলে। অনেক ভালবাসা দিয়ে আমাদের নাম দিয়েছিলে ‘বিরোশ’।” তাই তাঁদের জীবনের সবচেয়ে বড় অনুষ্ঠানের নামও—‘বিরোশের বিয়ে’।
অনুরাগীদের উদ্দেশে আবেগঘন বার্তায় তাঁরা লিখেছেন, “তোমরা আমাদেরই অংশ। তাই এই মুহূর্ত তোমাদেরও। ভালবাসা আর আলিঙ্গন রইল।” ঘোষণার পর থেকেই সমাজমাধ্যমে শুভেচ্ছার বন্যা। #ViRoShWedding ইতিমধ্যেই ট্রেন্ডিং।
যদিও বিয়ের দিনক্ষণ, নির্দিষ্ট ভেন্যু বা অনুষ্ঠানসূচি নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি তাঁরা। ঘনিষ্ঠ সূত্রের খবর, গোটা অনুষ্ঠানেই থাকবে কড়া গোপনীয়তা, ক্যামেরায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সম্ভাব্য প্রীতিভোজের একটি আমন্ত্রণপত্র, যেখানে উল্লেখ রয়েছে—৪ মার্চ Hyderabad-এ অনুষ্ঠিত হতে পারে রিসেপশন।
দু’জনের পরিচয় ২০১৭ সালে ব্লকবাস্টার ছবি Geetha Govindam-এর সেটে। পরবর্তীতে তাঁরা একসঙ্গে কাজ করেন Dear Comrade-এ। পর্দার রসায়ন থেকেই শুরু হয় বাস্তবের ঘনিষ্ঠতা—এমনটাই মনে করেন অনুরাগীরা। একাধিক সাক্ষাৎকারে একে অপরকে ‘স্পেশাল’ মানুষ বলেও উল্লেখ করেছেন তাঁরা। গত ৩ অক্টোবর তাঁদের বাগদানের খবর সামনে আসতেই জল্পনা আরও জোরদার হয়।
দীর্ঘদিনের গুঞ্জন, লুকিয়ে রাখা সম্পর্ক আর ফ্যানদের অফুরান ভালবাসা—সব মিলিয়ে ‘বিরোশের বিয়ে’ এখন বিনোদন জগতের সবচেয়ে বড় খবর। এখন শুধু অপেক্ষা, সেই রাজকীয় দিনের আনুষ্ঠানিক পর্দা ওঠার।







