খেলাধুলা

ইন্দ্রনীল খাঁর উদ্যোগে ডার্বির টিকিট ব্যবস্থায় বড় পরিবর্তন, এম-টিকিট দেখিয়েই যুবভারতীতে প্রবেশের অনুমতি

মরশুমের প্রথম কলকাতা ডার্বির আগে ফুটবল সমর্থকদের জন্য এল বড় সুখবর। রাজ্যের ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল খাঁর উদ্যোগে ডুরান্ড কাপ কর্তৃপক্ষ টিকিট সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। শুক্রবার জানানো হয়েছে, অনলাইনে কেনা ডার্বির টিকিট আর আলাদা করে রিডিম করতে হবে না। এম-টিকিট দেখিয়েই দর্শকরা সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

বিশ্বকাপের উন্মাদনা শেষ হতেই শুরু হচ্ছে দেশের ফুটবল মরশুম। ২৫ জুলাই, শনিবার বিকেল ৫টায় যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়ে ডুরান্ড কাপের সূচনা হবে। এই ম্যাচকে সামনে রেখে ক্রীড়ামন্ত্রী আগেই জানিয়েছিলেন, এবার প্রথমবারের মতো ডুরান্ড কাপে চালু হচ্ছে সম্পূর্ণ পেপারলেস টিকিট ব্যবস্থা। অর্থাৎ অনলাইনে টিকিট কাটলেই সরাসরি মাঠে প্রবেশ করা যাবে, হার্ড কপি সংগ্রহের প্রয়োজন হবে না। তবে বৃহস্পতিবার পর্যন্ত যাঁরা টিকিট কিনেছিলেন, তাঁদের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর ছিল না।

শুক্রবার সকালে ডুরান্ড কর্তৃপক্ষ জানায়, রাজ্যের ক্রীড়া দপ্তরের নির্দেশ অনুযায়ী ম্যাচের টিকিট ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে অনলাইনে টিকিট কিনলেই সেই এম-টিকিট ব্যবহার করে সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। আলাদা করে কাউন্টারে গিয়ে টিকিট রিডিম করার প্রয়োজন আর থাকছে না। ফলে দর্শকদের দীর্ঘ লাইনে দাঁড়ানো বা অতিরিক্ত সময় নষ্ট করার ঝামেলা অনেকটাই কমবে।

এর আগে অনলাইনে টিকিট কেনার পরও নির্দিষ্ট কেন্দ্র থেকে তার হার্ড কপি সংগ্রহ করা বাধ্যতামূলক ছিল। ফলে ডিজিটাল টিকিট থাকা সত্ত্বেও সমর্থকদের অতিরিক্ত ভোগান্তির মুখে পড়তে হত। দীর্ঘদিন ধরেই ফুটবলপ্রেমীরা সম্পূর্ণ পেপারলেস টিকিট চালুর দাবি জানিয়ে আসছিলেন। এতদিন সেই ব্যবস্থা চালু না হলেও সরকার পরিবর্তনের পর এবার সেই দাবি বাস্তবায়িত হয়েছে। ফলে ডার্বি দেখতে যাওয়া সমর্থকদের জন্য টিকিট প্রক্রিয়া এখন আরও সহজ ও ঝামেলামুক্ত হয়ে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.