খেলাধুলা

৫২ বছর পর ফিরে রূপকথার কঙ্গো! রোনাল্ডোর পর্তুগালকে স্তব্ধ করে ইতিহাস

রূপকথা বলতে সাধারণত এমন ঘটনাকেই বোঝায়, যা অবিশ্বাস্য, কল্পনাতীত এবং বাস্তবে ঘটার সম্ভাবনা খুবই কম। কিন্তু কখনও কখনও বাস্তবই যেন রূপকথাকে হার মানায়। না হলে ৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরা একটি দল কি দুরন্ত ছন্দে থাকা এক তারকাখচিত দলকে এভাবে থামিয়ে দিতে পারে?

এই বিশ্বকাপেই কয়েক দিন আগে ফুটবলপ্রেমীরা দেখেছিলেন কেপ ভার্দের চমক। মাত্র পাঁচ লক্ষ জনসংখ্যার দেশটি বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছিল। সেই ম্যাচে স্পেন মোট ২৭টি শট নিয়েও একবারও জালের দেখা পায়নি। আর তার এক সপ্তাহের মধ্যেই আরও এক অঘটনের সাক্ষী রইল ফুটবল বিশ্ব।

১৯৭৪ সালের পর আবার বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া ডিআর কঙ্গো এবার রীতিমতো ধাক্কা দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে। শুধু পয়েন্ট ছিনিয়ে নেওয়া নয়, দীর্ঘ সময় ধরে খেলায় আধিপত্যও দেখাল তারা।

ম্যাচের মাত্র ৬ মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। কিন্তু এরপর থেকেই যেন ছন্দ হারিয়ে ফেলে ইউরোপের দলটি। ব্রুনো ফার্নান্দেজদের একের পর এক ভুল পাস এবং নিষ্প্রভ ফুটবল হতাশ করে সমর্থকদের। আক্রমণে উঠলেও কঙ্গোর রক্ষণভাগ বারবার তাদের আটকে দেয়। বক্সের ভিতরেও একাধিক সুযোগ নষ্ট করেন পর্তুগিজ ফুটবলাররা।

অন্যদিকে কঙ্গো ধীরে ধীরে ম্যাচে নিজেদের প্রতিষ্ঠিত করে। প্রথমার্ধের শেষ মুহূর্তে মাসুয়াকুর ভাসানো বল থেকে দুর্দান্ত হেডে সমতা ফেরান ইওয়ানে উইসা। ৫২ বছর আগে বিশ্বকাপে খেললেও গোলের মুখ দেখেনি কঙ্গো। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলদাতা হিসেবে নাম লেখালেন উইসা।

উইসার ব্যক্তিগত জীবনও সংগ্রাম আর প্রত্যাবর্তনের এক অনন্য কাহিনি। ২০২১ সালে ব্রেন্টফোর্ডে খেলার সময় তাঁর বাড়িতে ঢুকে এক মহিলা অ্যাসিড হামলা চালান। সেই ঘটনায় প্রায় ছয় মাস দৃষ্টিশক্তি হারিয়েছিলেন তিনি। পরে আদালতে তাঁর সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত মহিলার ১৮ বছরের কারাদণ্ড হয়। আর আজ সেই উইসাই দেশের ফুটবল ইতিহাসে অমর হয়ে গেলেন।

দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে জোয়াও ক্যান্সেলো বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। অন্যদিকে পুরো ম্যাচেই কার্যত নিষ্প্রভ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৯০ মিনিট মাঠে থাকলেও মাত্র ২৫ বার বল স্পর্শ করেন তিনি। গোল নেই, অ্যাসিস্ট নেই, উল্লেখযোগ্য সুযোগও ছিল মাত্র দুটি।

৭৪ মিনিটে কনসেসাওয়ের পাস থেকে সহজ সুযোগ হাতছাড়া করেন রোনাল্ডো। ম্যাচের ৮৫ মিনিটেও আরেকটি সুযোগ নষ্ট করেন তিনি। এর বাইরে তাঁর পারফরম্যান্সে উল্লেখ করার মতো কিছুই ছিল না।

কঙ্গোর একাদশে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত স্যামুয়েল মুথুস্বামীও। মাঝমাঠে তাঁর পারফরম্যান্স প্রশংসার দাবি রাখে। বর্তমানে ফিফা ক্রমতালিকায় ৪৫ নম্বরে থাকা কঙ্গো যেভাবে তারকাখচিত পর্তুগালকে চাপে ফেলল, তাতে তাদের ভবিষ্যৎ যে আশাব্যঞ্জক, তা বলাই যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.