এক্সাইড মোড়ের টেট-বিক্ষোভে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভ শহরের সর্বত্র জুড়ে। বুধবার ক্যামাক স্ট্রিটে টেট আন্দোলনের মাঝে পুলিসের কামড় খান এক চাকরিপ্রার্থী। শুধু তাই নয়, চাকরি প্রার্থীদের বলপ্রয়োগের দ্বারা প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয়। সেই সময় মহিলা পুলিস কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। তখনই এক পুলিসকর্মী এক আন্দোলনকারীর হাতে হঠাৎ কামড়ে দেন, এমনই অভিযোগ ওঠে।
পুলিসের এহেন আচরণের প্রেক্ষিতে এবার তীব্র সমালোচনায় সামিল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর উবাচ, ‘সরকার সবাইকে কামড়াচ্ছে। অথৈ জলে পড়েছে। ডিএ নেই। ধর্না চলছে। চাকরি নেই। বেতন নেই। সবকিছুই হাতের বাইরে চলে গিয়েছে। আর সামলানোর ক্ষমতা নেই। পুলিস এখন তৃণমূলের ক্যাডার।’ দিলীপ ঘোষকে পালটা জবাবে সরব তৃণমূলও।
অন্যদিকে, কেবল টেট প্রসঙ্গেই নয়, ডেঙ্গু সচেতনতায় ফিরহাদ হাকিমের রাস্তায় নেমে প্রচারের ঘটনার প্রতিও তোপ দেগেছেন বিজেপি সাংসদ। দিলীপের কথায়, ‘এতদিন তো বলছিল কিছুই হয়নি। সব ঠিক আছে। তারপর হাসপাতালের সুপার, দলের নেতা, নেতার আত্মীয় ডেঙ্গি আক্রান্ত হওয়ায় পথে নেমেছেন। স্বীকার করুন যে পরিস্থিতি জটিল। বেঘোরে লোক মরছে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। পাপ আপনারা করেছেন। তার ফল আমাদের ভুগতে হচ্ছে।’







