দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিয়ে এসেছে মেটা। তবে এবার সংস্থাটি তাদের জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিতে নতুন ‘প্লাস’ (Plus) সাবস্ক্রিপশন পরিষেবা চালু করেছে। এর ফলে নির্দিষ্ট কিছু অতিরিক্ত সুবিধা পেতে ব্যবহারকারীদের মাসিক ফি দিতে হবে।
মেটার তরফে জানানো হয়েছে, ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস এবং হোয়াটসঅ্যাপ প্লাস গ্রাহকদের জন্য বিশেষ কাস্টমাইজেশন, অতিরিক্ত স্টোরি ফিচার, উন্নত ইনসাইটস, প্রিমিয়াম স্টিকার ও অন্যান্য এক্সক্লুসিভ সুবিধা থাকবে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য মূল পরিষেবাগুলি আগের মতোই বিনামূল্যে চালু থাকবে।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের কারণে মেটা নতুন আয়ের উৎস খুঁজছে। এতদিন সংস্থার আয়ের বড় অংশই বিজ্ঞাপন থেকে আসত। এখন সেই নির্ভরতা কিছুটা কমিয়ে সাবস্ক্রিপশন-ভিত্তিক ব্যবসা বাড়ানোর পথে হাঁটছে তারা।
ভারতেও ধাপে ধাপে এই পরিষেবা চালু হচ্ছে। কিছু ব্যবহারকারীর কাছে ইতিমধ্যেই সাবস্ক্রিপশন নেওয়ার নোটিফিকেশন পৌঁছতে শুরু করেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে সাধারণ ব্যবহারকারীদের বাধ্যতামূলকভাবে টাকা দিতে হবে না; শুধুমাত্র অতিরিক্ত প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে চাইলে সাবস্ক্রিপশন নিতে হবে।







