সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মৃগয়া’ ছবিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এবার তাঁকে দেখা যাবে একেবারে ভিন্ন ভূমিকায়। জানা গিয়েছে, পরিচালক তথা প্রযোজক জিৎ চক্রবর্তীর নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। উল্লেখ্য, যশ দাশগুপ্ত ও নুসরতের ‘আড়ি’ পরিচালনা করেছিলেন জিৎ, তবে এবারই তিনি প্রথমবারের মতো প্রযোজকের আসনে বসতে চলেছেন।
চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি হয়েছে কলকাতার এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায়। এক বহুতলের বাসিন্দা নাবালক শিশুকে জোর করে ভিক্ষা করাতেন। শিশুটির ফুসফুসে সংক্রমণ হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে এবং শেষমেশ শিশুটিকে নিজের বাড়িতে রাখতেই বাধ্য হন ওই ব্যক্তি। অসুস্থ শিশুটির দেখাশোনার জন্য বাড়িতে রাখা হয়েছিল এক আয়া। এই ঘটনাকে ঘিরেই নির্মিত হচ্ছে জিতের প্রথম প্রযোজিত ছবি। ছবির নায়ক হিসেবে প্রথম পছন্দ বিক্রম হলেও নায়িকা চরিত্রের জন্য আলোচনায় রয়েছেন ইশা সাহা, দর্শনা বণিক এবং ঐন্দ্রিলা সেন। তবে কার সঙ্গে বিক্রমের জুটি বাঁধা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অপরাজিতা আঢ্য ও খরাজ মুখোপাধ্যায়কে।
এই নতুন ছবির শুটিং শুরু হতে পারে চলতি বছরেই। ইতিমধ্যেই শেষ হয়েছে চিত্রনাট্য লেখা, চলছে প্রস্তুতির শেষ ধাপ। ধারাবাহিকে ঐন্দ্রিলা সেনের সঙ্গে জনপ্রিয়তা অর্জনের পর সম্প্রতি জি বাংলার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘১০ দিনে ১০ লাখ’-এও জুটি বেঁধে হাজির হচ্ছেন বিক্রম। ছোটোপর্দার পাশাপাশি বড়োপর্দায়ও দর্শকরা তাঁদের রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন। ‘অমরসঙ্গী’, ‘রাস’ ও ‘মৃগয়া’-এর সাফল্যের পর, এবারও ভিন্ন স্বাদের চরিত্রে দর্শকদের চমকে দিতে চলেছেন ‘পারিয়া’ খ্যাত এই অভিনেতা। নতুন ছবিটি ঘিরে ইতিমধ্যেই টলিপাড়ায় তৈরি হয়েছে প্রবল কৌতূহল।







