রাজ্য

গঙ্গাসাগর পর্যন্ত ছুটবে ট্রেন, ৪ হাজার কোটি টাকার প্রকল্পে সবুজ সংকেত! বাংলার ১৭টি রেল প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সামনেই গঙ্গাসাগর মেলা। তার আগে গঙ্গাসাগর যাতায়াত নিয়ে বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব শীঘ্রই গঙ্গাসাগর পর্যন্ত রেল পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন তিনি। বৃহস্পতিবার দিল্লির রেল ভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক শেষে তিনি জানান, বাংলার মোট ১৭টি রেল প্রকল্পে অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। আসন্ন কেন্দ্রীয় বাজেটে বাংলার বকেয়া রেল প্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আবেদনও জানিয়েছেন তিনি।

এদিনের বৈঠকে নন্দীগ্রামের দেশপ্রাণ থেকে দিল্লি পর্যন্ত নতুন রেলপথ তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করার বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি দিয়েছে রাজ্য সরকার। আগামী মার্চের মধ্যে কাজ শেষ করে রেল পরিষেবা চালু করার জন্য রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই বাংলার প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়ে এসেছেন।

দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জটিলতার কারণে আটকে ছিল চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ। তবে রাজ্যে সরকার পরিবর্তনের মাত্র দু’সপ্তাহের মধ্যেই সেই সমস্যা মিটিয়ে নতুন করে জমি বরাদ্দ করা হয়েছে। এবার দ্রুত এই প্রকল্পের উদ্বোধন করতে চাইছে রাজ্য সরকার। বিষয়টি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় পাওয়া গেলেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তিনি।

তবে এদিনের বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের বিষয়ে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রেল যোগাযোগের মাধ্যমে গঙ্গাসাগর এবং কপিল মুনির আশ্রমকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের আগেই এই প্রকল্পের ডিপিআর তৈরি এবং সমীক্ষার কাজ শুরু হবে। আগামী কয়েক বছরের মধ্যে গঙ্গাসাগর পর্যন্ত ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পুণ্যার্থীদের যাতায়াত অনেকটাই সহজ হবে। এই রেলপথ তৈরিতে আনুমানিক ৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে। ইতিমধ্যেই প্রকল্পের সম্ভাব্য রুটের মানচিত্রও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, রাজ্যে শিল্প, বিনিয়োগ এবং ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়ার কারণে আরও বেশি সংখ্যক রেল রেকের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহণ যাতে আরও দ্রুত ও নির্বিঘ্নে করা যায়, তা নিয়েও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলার রেল প্রকল্পগুলির কাজের অগ্রগতি ত্বরান্বিত করতে একজন নির্দিষ্ট আধিকারিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বাংলার অসমাপ্ত এবং চলতি রেল প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার দায়িত্ব সামলাবেন ওই আধিকারিক। ফলে গঙ্গাসাগর রেল যোগাযোগ-সহ একাধিক প্রকল্প বাস্তবায়নের দিকে নতুন করে আশার আলো দেখছে রাজ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.