রাজনীতি

ভানুয়াতুতে অভিষেকের নিজস্ব দ্বীপ! বিস্ফোরক দাবি মদন মিত্রের, পাল্টা আক্রমণ তৃণমূল-বিজেপির

ভানুয়াতুতে নাকি নিজস্ব একটি দ্বীপ রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। তাঁর দাবি, বিনয় মিশ্র-সহ অভিষেকের ঘনিষ্ঠ বন্ধুরা ওই দ্বীপে বসবাস করেন। এমনকী, অভিষেককে সেখানে গিয়ে এক-দু’বছর কাটানোর পরামর্শও দিয়েছেন তিনি। মদনের কটাক্ষ, “এবারের পুরভোটটা ছেড়ে দিন। ২০২৯ সালের লোকসভা নির্বাচনে দেখা হবে।”

ভারতে বিভিন্ন আর্থিক ও অপরাধ সংক্রান্ত অভিযোগের মুখে পড়ে নীরব মোদি, মেহুল চোকসি এবং বিনয় মিশ্রের মতো ব্যক্তিরা ভানুয়াতুতে আশ্রয় নিয়েছেন বলে অতীতে অভিযোগ উঠেছে। এবার সেই ভানুয়াতুতেই অভিষেকের একটি গোটা দ্বীপ কেনার দাবি সামনে আনলেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত মদন মিত্র। তাঁর বক্তব্য, আসন্ন নির্বাচনে অভিষেক যদি রাজনৈতিক ময়দান থেকে সরে দাঁড়ান, তাহলে তৃণমূলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। সেই কারণেই অভিষেককে নিজের কথিত দ্বীপে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অভিষেকের চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মদন। পাশাপাশি চার্টার্ড বিমানে যাতায়াতের প্রসঙ্গ তুলেও আক্রমণ শানিয়েছেন তিনি। মদনের অভিযোগ, নদী ও নদীর চর থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাতের সঙ্গে জড়িত অভিষেক। তাঁর আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে কেউ আক্রমণ করেন না। কিন্তু অভিষেকের জন্য তিনি সকলকে ভুলে গিয়েছেন। তাই মমতার উদ্দেশে মদনের পরামর্শ, অভিষেকের হাত থেকে দলের দায়িত্ব নিজের হাতে ফিরিয়ে নেওয়া উচিত তাঁর।

মদন মিত্রের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “উনি তো এক এক সময় এক এক মুডে থাকেন। একথা কোন সময় বলেছেন, সেটা দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলে মদন মিত্র পাড়ার কাউন্সিলরও হতে পারতেন না। এখন বিজেপিকে খুশি করতে মমতা, অভিষেককে আক্রমণ করছেন। কিছুদিন আগেও বলতেন, মমতা, অভিষেকই সব। একটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে, উনি কেন এসব বলছেন।”

অন্যদিকে, মদন মিত্রের বক্তব্যকে সমর্থন করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁর কথায়, “অভিষেকের কাণ্ডকারখানা মদন মিত্র আগে থেকেই জানতেন। এখন জাহাজ ডুবে গিয়েছে বলে সেখান থেকে পালাতে মদনবাবু এসব বলছেন। উনি যা বলছেন, ঠিকই বলছেন।”

অভিষেককে ঘিরে মদন মিত্রের এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.