তৃণমূলের অন্দরে ফের প্রকাশ্যে এল অসন্তোষের সুর। উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ধরলেও দলীয় নেতৃত্ব তাঁকে চুপ থাকতে বলেছিল। বিধানসভায় তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে হাজির হয়ে তিনি বলেন, উলুবেড়িয়ায় আবাস যোজনায় একাধিক ভুয়ো ঘর তৈরি হয়েছে এবং সেই দুর্নীতির বোঝা তিনি আর বহন করবেন না।
ঋতব্রতর আরও অভিযোগ, ভোটের সময় দুর্নীতি নিয়ে প্রকাশ্যে মুখ না খোলার পরামর্শ দিয়েছিল আইপ্যাকের কর্তারা। এমনকি স্থানীয় স্তরের বাইরে কাউকে নিয়ে মন্তব্য না করারও নির্দেশ ছিল বলে দাবি তাঁর। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি জানান, অসৎ ব্যক্তিদের সঙ্গে তিনি থাকবেন না এবং পুরসভার বদলে সৎ কাউন্সিলরদের ভাঙা অফিস থেকেই কাজ করবেন।
এদিন ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কেন একক সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এবং কেন তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ঋতব্রত। পাশাপাশি এন্টালির তৃণমূল বিধায়কও দলে সকলের মত প্রকাশের সুযোগ থাকার দাবি তোলেন।







