ভারতের কাছে এশিয়া কাপ ফাইনালে মাঠে যেমন হার, তেমনই মঞ্চে গিয়েও বেদনার ‘থাপ্পড়’ খেয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ভারতীয় ক্রিকেটাররা পাক মন্ত্রীর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করায় নিজেকে ‘কার্টুন’ মনে হচ্ছিল তাঁর। অথচ পাকিস্তানে সেটাকেই এখন কৃতিত্ব হিসেবে তুলে ধরা হচ্ছে। করাচি বাস্কেটবল সংস্থার প্রধান গুলাম আব্বাস জামাল ঘোষণা করেছেন—নকভিকে দেওয়া হবে ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল’।
মূলত ভারতের বিরুদ্ধে ‘নৈতিক দৃঢ়তা বজায় রাখার জন্য’ নকভিকে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে দাবি পাক মহলে। করাচিতে আয়োজিত অনুষ্ঠানে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিও উপস্থিত থাকতে পারেন। সমালোচকদের মতে, মাঠে ব্যর্থতা আড়াল করতেই প্রশাসনিক অপমানকে ‘সাহস’ হিসেবে তুলে ধরা হচ্ছে। অথচ বাস্তব ছবিটা ভিন্ন—ট্রফি নিয়ে টানাপোড়েনে নকভি কেবল নিজের অস্বস্তি বাড়িয়েছেন।
মঞ্চে ট্রফি হাতে নিতে অস্বীকার করার ঘটনার পরই তিনি ক্ষোভে বলেছিলেন, “নিজেকে কার্টুনের মতো লাগছিল।” ভারতীয় বোর্ডও স্পষ্ট জানিয়ে দেয়, এশিয়া কাপের ট্রফি কোনও ব্যক্তিগত সম্পত্তি নয়। ফলে সেটি হোটেলে নিয়ে যাওয়া নকভির আচরণই ছিল অগ্রহণযোগ্য। তবু তিনি যুক্তি দেখিয়েছিলেন—ভারতীয় দল ট্রফি নেবে না, সেটা লিখিতভাবে জানানো হয়নি।
অর্থাৎ, যে পরিস্থিতিতে পাকিস্তান পর্যুদস্ত হয়েছিল, সেটাকেই এখন পুরস্কারের মোড়কে ‘গৌরব’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ক্রিকেটবিশ্বের চোখে যেখানে পিসিবি চেয়ারম্যানের আচরণ হাস্যকর ও কূটনৈতিক ব্যর্থতা, নিজের দেশে সেটাই হয়ে উঠছে ‘সোনার মেডেল’-এর যোগ্যতা। ফলত প্রশ্ন উঠছে—পাকিস্তান কি আসল লড়াই থেকে চোখ সরিয়ে কেবল ‘অপমানকে সাফল্য’ বানানোর পথেই হাঁটছে?







