ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছিলেন মহিলা কমিটির প্রধান ভালেঙ্কা আলেমাও। এবার সেই অভিযোগের জবাব দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ফেডারেশনের তরফে সচিব এম. সত্যনারায়ণ এক বিবৃতিতে অভিযোগকে “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন। পাশাপাশি ভালেঙ্কা এবং তাঁর পরিবারের অতীত আচরণ সম্পর্কেও প্রশ্ন তোলা হয়েছে।
ফেডারেশনের দাবি, চার্চিল ব্রাদার্সকে আইএসএলে অন্তর্ভুক্ত করার জন্য ভালেঙ্কা বারবার চাপ সৃষ্টি করছিলেন। নিয়ম অনুযায়ী এই মরশুমে ১৪টি দল নিয়েই আইএসএল অনুষ্ঠিত হবে—এই সিদ্ধান্ত থেকে এআইএফএফ সরে আসতে নারাজ। তদুপরি, ক্রীড়া আদালতের রায়ে ইন্টার কাশী আই লিগ চ্যাম্পিয়ন ঘোষিত হওয়ায় চার্চিলের পক্ষে আইএসএলে ওঠার কোনও পথ খোলা নেই বলে জানায় ফেডারেশন।
সত্যনারায়ণের বক্তব্য, এক্সিকিউটিভ কমিটির সদস্য হওয়া সত্ত্বেও বারবার কমিটির উপর প্রভাব খাটানোর চেষ্টা করেন ভালেঙ্কা। একাধিকবার মিটিং ডাকেন, কিন্তু শেষ পর্যন্ত তাঁর প্রস্তাব খারিজ হয়ে যায়। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে—চার্চিল ব্রাদার্সকে আইএসএলে না নেওয়ার সিদ্ধান্তের প্রতিশোধ হিসেবেই কি কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ভালেঙ্কা? এআইএফএফ অবশ্য সে বিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেনি।
ঘটনার সূত্রপাত ২৯ মার্চ দিল্লিতে এআইএফএফের এক্সিকিউটিভ কমিটির বৈঠককে ঘিরে। ভালেঙ্কার অভিযোগ, সেই বৈঠকে সভাপতি কল্যাণ চৌবে, সহ-সভাপতি এনএ হ্যারিস ও সচিব এম. সত্যনারায়ণ তাঁর প্রতি “অশালীন আচরণ” করেন এবং বক্তব্য পেশের সময় বারবার তাঁকে থামিয়ে দেওয়া হয়। সদস্যদের উদ্দেশে পাঠানো চিঠিতে তিনি লেখেন, “সভাপতির আচরণ পক্ষপাতদুষ্ট। আমার প্রতি অসম্মানজনক মন্তব্য করা হয়েছে।”
উল্লেখযোগ্যভাবে, এর আগেও এশিয়া কাপে মহিলা দলের ব্যর্থতার পর ফেডারেশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভালেঙ্কা। ফলে সাম্প্রতিক অভিযোগকে ঘিরে প্রশাসনিক অন্দরে উত্তেজনা আরও বেড়েছে।
এআইএফএফ জানিয়েছে—ঘটনার পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় সব নথি ও বক্তব্য প্রকাশ্যে আনা হবে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে ভারতীয় ফুটবল মহল।







