ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জস বাটলার। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন তিনি।
২০১৫ সালের পর থেকে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছিল ইয়ন মরগানের নেতৃত্বাধীন দল, যা বাটলারের অধীনে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ের ধারাবাহিক ব্যর্থতা, বিশেষ করে ২০২৩ বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শোচনীয় পারফরম্যান্সের কারণে চাপে ছিলেন বাটলার।
ইংল্যান্ড তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে হেরে বিদায় নেয়। এরপর থেকেই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে থাকে। আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পরই বাটলার ইঙ্গিত দিয়েছিলেন, তিনি হয়তো নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন।
ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দলের পারফরম্যান্সের পতন ঠেকাতে পারেননি বাটলার। শেষ ২৫ ওয়ানডের মধ্যে ১৮টিতেই পরাজিত হয়েছে ইংল্যান্ড। ব্যাটসম্যান হিসেবেও তিনি ছন্দ হারিয়েছেন, শেষ ২১ ইনিংসে মাত্র ২৬.৪০ গড়ে রান করেছেন।
বাটলারের পর ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। সহ-অধিনায়ক হ্যারি ব্রুককে নেতৃত্বে দেখার সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইসিবি বলেছে, তারা চিন্তাভাবনার পরই সিদ্ধান্ত নেবে।
বাটলার জানিয়েছেন, তিনি ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাবেন। আবারও নিজের সেরা ফর্মে ফেরার চেষ্টা করবেন।







