রাজনীতি

অজুহাত দেখিয়ে লাভ নেই, ২০২৯-এও হারবে কংগ্রেস: রাহুলকে কড়া বার্তা অমিত শাহের

রাজধানীতে একের পর এক প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এসআইআর ইস্যুতে বিরোধীদের আন্দোলনও নতুন করে রাজনৈতিক চর্চার কেন্দ্রে এসেছে। এই পরিস্থিতিতেই কংগ্রেসকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য, এসআইআরকে সামনে রেখে বিরোধীরা আসলে নিজেদের রাজনৈতিক ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে।

মঙ্গলবার গুজরাটের পুরভোটে বিজেপির সাফল্য এবং একাধিক রাজ্যের উপনির্বাচনের ফলাফল তুলে ধরে অমিত শাহ দাবি করেন, দেশের সাধারণ মানুষ এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই রয়েছেন। একইসঙ্গে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপির বড় ব্যবধানে জয়ের কথাও উল্লেখ করেন তিনি।

গুজরাটের সাম্প্রতিক পুরভোটে ৩২টি আসনে কংগ্রেস প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার প্রসঙ্গ টেনে শাহ বলেন, গুজরাটের মানুষ এখনও নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখছেন। রাহুল গান্ধীকে নিশানা করে তাঁর বক্তব্য, গত ৪১ বছর ধরে গুজরাটে কোনও ভোটেই কংগ্রেস জয় পায়নি। ১৯৮৫ সালের পর থেকেই সেখানে কংগ্রেসের পরাজয়ের ধারা অব্যাহত। তাঁর প্রশ্ন, “এটাও কি এসআইআরের ফল?”

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পণ্ডিচেরীর উপনির্বাচনে বিজেপির সাফল্যের কথাও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, কোনও উপনির্বাচনেই কংগ্রেস একটি আসনও জিততে পারেনি। নন্দীগ্রামে প্রায় ১ লক্ষ ২২ হাজার এবং রেজিনগরে ৭৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজেপির জয়ের কথাও উল্লেখ করেন তিনি। এই ফলাফলের পর কংগ্রেসের আত্মসমীক্ষা করা প্রয়োজন বলেই মনে করেন শাহ।

রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের লাগাতার আন্দোলনের প্রসঙ্গ তুলে তাঁকে রাজনৈতিক শিক্ষা নেওয়ার পরামর্শও দেন অমিত শাহ। ত্রিপুরার গ্রাম সমিতির নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে ৭৭.৫ শতাংশ আসনে বিজেপি জয়ী হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, ওই নির্বাচন ব্যালট পেপারে হয়েছিল। শাহের বক্তব্য, যারা ব্যালট বক্স নিয়ে প্রশ্ন তোলেন, তাঁদের ত্রিপুরার ফলাফল থেকে শিক্ষা নেওয়া উচিত।

ত্রিপুরায় দীর্ঘ ৩৩ বছর ধরে কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি এবং বাংলাতেও প্রায় পাঁচ দশক ধরে কংগ্রেসের কোনও উল্লেখযোগ্য জয় নেই বলে দাবি করেন শাহ। তাঁর প্রশ্ন, “এগুলিও কি এসআইআরের ফল?” রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়ার পর থেকেই কংগ্রেসের পরাজয়ের ধারা অব্যাহত রয়েছে।

এদিন ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়েও বিরোধীদের উদ্দেশে বার্তা দেন অমিত শাহ। তাঁর দাবি, দেশের একাধিক প্রান্তে এখনও কংগ্রেসের সংগঠন কার্যত পৌঁছতে পারেনি। এসআইআরকে সামনে রেখে অনুপ্রবেশকারীদের রক্ষা করার যে চেষ্টা রাহুল গান্ধী করছেন, তা সাধারণ মানুষ বুঝে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অমিত শাহের ভবিষ্যদ্বাণী, ২০২৯ সালের লোকসভা নির্বাচনেও এনডিএ ক্ষমতায় ফিরবে এবং কংগ্রেস টানা চতুর্থবারের জন্য পরাজিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.