নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে ফের বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল ‘আরশোলা’দের নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্কা শিন্ডের বিরুদ্ধে। এই অভিযোগে তিন ককরোচ নেতাকেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
এক বছরের জন্য কোনও প্রতিবাদ কর্মসূচিতে অংশ না নেওয়ার শর্তে জামিন পাওয়ার পরও মঙ্গলবার ফের যন্তর মন্তরে বিক্ষোভে সামিল হন তাঁরা। পুলিশের অভিযোগ, যন্তর মন্তরে জমায়েতের উপর জারি থাকা নিষেধাজ্ঞা অমান্য করার পাশাপাশি সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন তাঁরা।
যন্তর মন্তর বর্তমানে ডিনোটিফায়েড প্রতিবাদস্থল। সেখানে জমায়েত নিয়ন্ত্রণে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ দেখানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা এবং আগের শান্তির বন্ডের শর্ত ভঙ্গের মতো অভিযোগও আনা হয়েছে।
প্রথমে দিল্লির জাফরপুর কালান থানায় তাঁদের আটক রাখা হয়। পরে রাত প্রায় তিনটে নাগাদ পুলিশ ভ্যানে করে তাঁদের পার্লামেন্টারি থানায় নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে দিল্লির মন্দির মার্গ থানার অধীন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁদের পেশ করা হয়। তবে আইনজীবীর অভিযোগ, তাঁদের সঙ্গে দেখা করার অনুমতিও দেওয়া হচ্ছে না।
আদালত সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। অন্যদিকে, অজিঙ্কা শিন্ডেকে বন্ডে সই করিয়ে মুক্তি দেওয়া হয়েছে। সৌরভ ও আশুতোষের আইনজীবীরা এদিনই পাতিয়ালা হাউস কোর্টে জামিনের আবেদন করতে পারেন। আদালতের নির্দেশ অনুযায়ী দুই নেতাকে তিহার জেলে নিয়ে যাওয়া হবে।







