জয়পুর: পহেলগাঁও হামলার প্রতিবাদে জয়পুরে বিজেপির বিক্ষোভে বিতর্কিত ঘটনার সৃষ্টি হল। শুক্রবার রাতে শহরের চারদিওয়ারি এলাকায় বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন হাওয়া মহলের বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য। বিক্ষোভ চলাকালীন জামা মসজিদের সামনে ‘পাকিস্তান মুর্দাবাদ’ লেখা পোস্টার লাগানো হয়, এবং কুরুচিকর ভাষায় স্লোগান দেন বিধায়ক নিজেই। অভিযোগ, তিনি জুতো পায়ে মসজিদে প্রবেশও করেন।
এই ঘটনার পর শহরের হাওয়া মহল প্যালেস সংলগ্ন এলাকায় ব্যাপক প্রতিবাদ হয়। বিধায়কের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং সাম্প্রদায়িক ঐক্যে চিড় ধরানোর অভিযোগে এফআইআর দায়ের হয়।
বিষয়টি নিয়ে রাজস্থানের রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। সূত্রের খবর, রাজ্য বিজেপিও বিধায়কের এই আচরণকে সমর্থন করেনি। চাপের মুখে শেষ পর্যন্ত এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চান বালমুকুন্দ আচার্য। ভিডিও বার্তায় তিনি বলেন, “আমার কথায় বা পোস্টারে যদি কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার উদ্দেশ্য কোনও ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করা নয়। বর্তমান সময়ে সকলের মিলেমিশে থাকা প্রয়োজন।”
এই ঘটনায় রাজনৈতিক পরিবেশে উত্তেজনা সৃষ্টি হলেও বিধায়কের ক্ষমা চাওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।







