চলতি বইমেলায় বইপ্রেমীদের যাতায়াত আরও সহজ করতে রাজ্য সরকার বাস ও মেট্রো পরিষেবায় বিশেষ ব্যবস্থা করেছে। মঙ্গলবার থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা চলাকালীন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন কোণ থেকে করুণাময়ীগামী বাস চলবে।
‘বইমেলা স্পেশ্যাল’ লেখা বাসগুলি শিয়ালদহ, মন্দিরতলা, রাজাবাজার, হাওড়া স্টেশনসহ আরও অনেক জায়গা থেকে চলবে। এছাড়া, শিয়ালদহ থেকে বেলেঘাটা মেন রোড, বিল্ডিং মোড় এবং উল্টোডাঙা থেকে ব্রডওয়ে, কাদাপাড়া হয়ে নিয়মিত ব্যবধানে সরকারি বাসের শাটল পরিষেবা মিলবে। ইএম বাইপাস এবং সল্টলেক ছুঁয়ে চলে, এমন সরকারি বাসের ট্রিপও বাড়ানো হয়েছে। শনি এবং রবিবারে ভিড়ের কথা মাথায় রেখে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পথে ট্রেনের সংখ্যা ১০৬ থেকে বাড়িয়ে ১২২ করা হয়েছে। বইমেলার দিনগুলিতে দুপুর ২টো ৫ থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। রবিবার পরিষেবা মিলবে দুপুর ২টো ১৫ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত।
বইপ্রেমীরা এই বিশেষ ব্যবস্থার সুযোগ নিয়ে সহজে বইমেলায় যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।







