গত মে মাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তাঁকে নোটিস পাঠানো হলেও তিনি তদন্তকারীদের সামনে হাজির হননি। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে— তিনি কি অসুস্থ, নাকি ইচ্ছাকৃতভাবে আড়ালে রয়েছেন?
এরই মধ্যে মঙ্গলবার সকালে আচমকা নিজের আইনি কৌশল বদল করলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এদিন তাঁর আগাম জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই মামলা আর এগিয়ে নিয়ে যাওয়া হল না।
গত ১৭ মে ‘মেসি ইভেন্ট’-এর অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে। টিকিট কালোবাজারি, বেআইনি অর্থ আদায়, ভয় দেখিয়ে প্রভাব খাটানো এবং প্রতারণার মতো একাধিক অভিযোগে অরূপ বিশ্বাসের নাম উল্লেখ করা হয়। তদন্তের স্বার্থে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাঁকে তলব করলেও, অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ১০ দিনের সময় চেয়েছিলেন।
পরে আগাম জামিনের আবেদন জানিয়ে বারাসত জেলা আদালতের শরণাপন্ন হন অরূপ বিশ্বাস। মঙ্গলবার সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে তাঁর আইনজীবীরা আদালতে ‘নট প্রেস’ করার আবেদন জানান, অর্থাৎ ওইদিন তাঁরা মামলাটি বিচারকের সামনে শুনানির জন্য উপস্থাপন করতে চাননি।
আদালত সূত্রে খবর, একই মামলায় এবার হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অরূপ বিশ্বাস। সেই কারণেই জেলা আদালতে মামলা না এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, সরকারি আইনজীবী দুলাল সরকারের দাবি, আগাম জামিন পাওয়ার সম্ভাবনা কম দেখেই হয়তো আবেদনকারী পক্ষ এই মামলা থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।







