স্পেন শেষ ষোলোয় অস্ট্রিয়ার বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জায়গা করে নিয়েছে। এবার তাদের সামনে কঠিন পরীক্ষা—ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ম্যাচের আগে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরলেন।
প্রশ্ন: কেপ ভার্দে আর্জেন্টিনার বিরুদ্ধে দারুণ লড়াই করেছে। সে ক্ষেত্রে গ্রুপ পর্বে কেপ ভার্দের বিরুদ্ধে স্পেনের ড্র’কে কি এখন নতুনভাবে দেখা উচিত?
ফুয়েন্তে: আমি সবসময় তথ্যের ভিত্তিতে কথা বলি। যেটা সম্পর্কে নিশ্চিত নই, সেটা নিয়ে মন্তব্য করতে চাই না। বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলাম, এবারের আসরে এমন কিছু দল নিজেদের পরিচয় তৈরি করবে, যাদের সম্পর্কে আগে খুব কম মানুষ জানত। কেপ ভার্দে ঠিক তেমনই একটি দল। ওদের সাফল্যে আমি অবাক হইনি। আগেই বিশ্বাস ছিল, ওরা ভালো খেলবে, আর সেটাই প্রমাণ করেছে।
প্রশ্ন: লামিনে ইয়ামাল একবার বলেছিলেন, প্রতিপক্ষ হিসেবে তিনি সবচেয়ে বেশি সম্মান করেন নুনো মেন্ডেসকে। এবার আবার সেই দ্বৈরথ হতে চলেছে। কী বলবেন?
ফুয়েন্তে: ক্লাব এবং জাতীয় দলের হয়ে লামিনে একাধিকবার নুনোর মুখোমুখি হয়েছে। কিছু ম্যাচে জিতেছে, কিছুতে হেরেছে। গত বছরের নেশনস লিগ ফাইনালেও পর্তুগালের কাছে আমরা টাইব্রেকারে হেরেছিলাম। তবে বড় মাপের ফুটবলার হয়ে উঠতে গেলে সেরাদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতেই হয়। লামিনে অত্যন্ত লড়াকু মানসিকতার খেলোয়াড়। গত বছরের অভিজ্ঞতা ওকে আরও পরিণত করেছে। এখন সে আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী এবং খেলার পরিস্থিতি অনেক ভালোভাবে বুঝতে পারে। সময়ের সঙ্গে আরও উন্নতি করবে।
প্রশ্ন: দলে বোরহা ইগলেসিয়াস-এর গুরুত্ব কতটা?
ফুয়েন্তে: বোরহা আমাদের দলে খুব গুরুত্বপূর্ণ সদস্য। অনুশীলনে সবসময় শতভাগ দেয় এবং সুযোগ পেলেই দলের জন্য নিজের সেরাটা উজাড় করে দেয়। অস্ট্রিয়ার বিরুদ্ধে অন্য পরিকল্পনা ছিল, কিন্তু ম্যাচের পরিস্থিতি বদলে যাওয়ায় সিদ্ধান্তও বদলাতে হয়েছে। আমাদের দলে প্রত্যেক ফুটবলার সবসময় প্রস্তুত থাকে। সবাইকে খেলাতে ইচ্ছে করে, তবে বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তেই নিতে হয়।
প্রশ্ন: স্পেনের কোচ হিসেবে সবচেয়ে কঠিন দায়িত্ব কোনটি?
ফুয়েন্তে: নিঃসন্দেহে দল নির্বাচন। প্রতিটি ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা থাকে, আর সেই অনুযায়ী খেলোয়াড় বেছে নেওয়াই সবচেয়ে কঠিন। অনেক যোগ্য ফুটবলারকে বাইরে রাখতে হয়, যা ব্যক্তিগতভাবে খারাপ লাগে। কিন্তু দলের প্রয়োজনই শেষ কথা।
প্রশ্ন: অস্ট্রিয়ার বিরুদ্ধে দারুণ পারফরম্যান্সের পর অনেকেই এই স্পেনকে ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের সঙ্গে তুলনা করছেন। বিশেষ করে মিডফিল্ড নিয়ে আপনার কী মত?
ফুয়েন্তে: দুই প্রজন্মই অসাধারণ। আমার বিশ্বাস, বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ড আমাদেরই। প্রায় প্রতিটি জায়গায় বিশ্বমানের বিকল্প রয়েছে, যা আমাদের সবচেয়ে বড় শক্তি।
প্রশ্ন: পেদ্রি কীভাবে এত কঠিন কাজ এত সহজে করে ফেলেন?
ফুয়েন্তে: সত্যিকারের প্রতিভার পরিচয়ই এটাই। কঠিন বিষয়কে সহজ করে তোলা। পেদ্রি ঠিক সেই ক্ষমতার অধিকারী। ও এমন কিছু পাস দেয়, যা অনেকেই কল্পনাও করতে পারে না। ওর ফুটবল বুদ্ধিমত্তা অসাধারণ।
প্রশ্ন: মিকেল ওয়ারজাবালকে কি আপনি প্রকৃত স্ট্রাইকার মনে করেন, নাকি ফলস নাইন?
ফুয়েন্তে: ওয়ারজাবাল বহুমুখী একজন আক্রমণভাগের ফুটবলার। অনেকেই বলেন আমাদের দলে প্রকৃত স্ট্রাইকার নেই, কিন্তু আমি সেই মতের সঙ্গে একমত নই। হয়তো প্রচলিত অর্থে সে স্ট্রাইকার নয়, তবে বিভিন্ন পজিশনে সমান দক্ষ। ম্যাচ পড়ার ক্ষমতা অসাধারণ। আমার বিশ্বাস, ভবিষ্যতে সে একজন সফল কোচও হতে পারে।
প্রশ্ন: অস্ট্রিয়ার বিরুদ্ধে স্পেনের ছন্দময় ফুটবলের সঙ্গে অনেকেই ১৯৮২ সালের ব্রাজিল দলের তুলনা করছেন। সেই দল কি আপনার অনুপ্রেরণা?
ফুয়েন্তে: ফুটবল সময়ের সঙ্গে বদলেছে, তাই দর্শনও বদলাতে হয়েছে। আমি নিজের অভিজ্ঞতা ফুটবলারদের সঙ্গে ভাগ করে নিই এবং পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করি। শেষ পর্যন্ত মাঠে নেমে খেলবে ফুটবলাররাই। কোচের দায়িত্ব শুধু তাদের জন্য সঠিক কৌশল তৈরি করা।







