ছাব্বিশের বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ, বিশেষ করে চা বলয়, এখন দুই প্রধান রাজনৈতিক শিবিরের নজরের কেন্দ্রে। চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে সরাসরি সংঘাতে নেমেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩০০ টাকা দৈনিক মজুরির প্রতিশ্রুতির ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা—মজুরি ৩৫০ টাকা করার দাবি তুলে।
শনিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, চা শ্রমিকদের উন্নয়নে কেন্দ্র কার্যত কিছুই করেনি। সভামঞ্চ থেকেই তিনি স্থানীয় বিজেপি বিধায়ক ও সাংসদদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। অভিষেক বলেন, “আমাদের সরকার ক্ষমতায় আসার আগে চা শ্রমিকদের মজুরি ছিল ৬০ টাকা। ধাপে ধাপে বাড়িয়ে তা ২৫০ টাকা করা হয়েছে। আমি জানি, এই টাকায় সংসার চলে না।” তিনি আশ্বাস দেন, নতুন সরকার গঠনের পর প্রথম প্রায়োরিটি হবে আলিপুরদুয়ার। প্রয়োজনে আবার নিজে আসবেন অথবা সিনিয়র নেতৃত্বকে পাঠাবেন। রাজ্য সরকার, লেবার ইউনিয়ন ও চা বাগান কর্তৃপক্ষের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক করে দৈনিক মজুরি ৩০০ টাকা করার প্রতিশ্রুতি দেন তিনি।
এর একদিন না যেতেই কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে সামনে রেখে চা শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসে বিজেপি। সেখানে নতুন শ্রম আইন চা শ্রমিকদের উন্নয়নে কতটা সহায়ক, তার ব্যাখ্যা দেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি অভিষেকের বক্তব্যকে ‘ভুল ও অর্ধসত্য’ বলে আক্রমণ করেন সাংসদ রাজু বিস্তা ও বিধায়ক শঙ্কর ঘোষ। বিজেপির অভিযোগ, কেন্দ্র নয়—রাজ্য সরকারই ন্যূনতম মজুরি আইন কার্যকর করছে না, যার ফলেই শ্রমিকেরা বঞ্চিত।
রাজু বিস্তার দাবি, “চা বাগানের শ্রমিকদের শোষণ বন্ধ হবে। ন্যূনতম মজুরি ২৫০ থেকে ৩৫০ টাকা করা হবে। কমপক্ষে ৩০০ টাকা নগদ দিতেই হবে। দেরি হলে আরও বেশি দিতে হবে। পিএ, সামাজিক সুরক্ষা—সব কিছুরই ব্যবস্থা থাকবে।”
অন্যদিকে তৃণমূলের তরফে মেয়র গৌতম দেব বলেন, “বাম আমলে যে মজুরি ছিল, তা সবই বাড়ানো হয়েছে। অভিষেক স্পষ্ট বলেছেন, ৩০০ টাকা করে চা শ্রমিকদের মজুরি নিশ্চিত করা যায় কি না, তা দেখা হবে। কিন্তু বাস্তবে কেন্দ্র চা শ্রমিকদের জন্য কিছুই করেনি।”
ভোটের আগে উত্তরবঙ্গের চা বাগান এখন স্পষ্টতই রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। মজুরির অঙ্ক ঘিরে এই প্রতিশ্রুতি–পাল্টা প্রতিশ্রুতির লড়াই শেষ পর্যন্ত চা শ্রমিকদের ভোটে কী প্রভাব ফেলে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।







