রাজ্য

বিএলও-দের সান্মানিক বকেয়া, ফের মুখ্যসচিবকে চিঠি নির্বাচন কমিশনের

বিএলও, বিএলও সুপারভাইজার, ইআরও এবং এইআরও-দের সান্মানিক এখনও রাজ্য সরকারের তরফে রিলিজ না হওয়ায় ফের উদ্বেগ প্রকাশ করল নির্বাচন কমিশন। শুক্রবার দ্বিতীয়বার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে যত দ্রুত সম্ভব বকেয়া অর্থ ছাড় করার বার্তা দেওয়া হয়েছে কমিশনের তরফে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, নভেম্বরের শেষেই কমিশন জানিয়েছিল যে বিএলও-দের পারিশ্রমিক বাবদ রাজ্যের কাছে প্রায় ৭০ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু রাজ্যের অর্থ দফতর সেই টাকা ছাড় না করায় বিএলও-দের পারিশ্রমিক প্রদানে সমস্যা তৈরি হয়। ডিসেম্বরেও টাকা না পাওয়ায় সান্মানিক দেওয়া সম্ভব হয়নি বলে কমিশনের তরফে জানানো হয়েছিল।

এর আগেও নবান্নকে একাধিকবার চিঠি পাঠানো হয়। পরে রাজ্য সরকার বিএলও-দের জন্য বরাদ্দ ৬১ কোটি টাকা ছাড়ে। ওই অর্থ দিয়ে প্রায় ৯৫ হাজার বিএলও-কে সান্মানিক দেওয়া হলেও বাকি টাকা পরবর্তীতে দেওয়ার কথা ছিল। তবে প্রায় দু’মাস পেরিয়ে গেলেও সেই অর্থ এখনও মেলেনি। ফলে ফের মুখ্যসচিবকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন।

এ বার বিএলও-দের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। আগে যেখানে বার্ষিক ৬ হাজার টাকা দেওয়া হত, সেখানে এ বার তা বেড়ে ১২ হাজার টাকা করা হয়েছে। বিশেষ ভাতা মিলিয়ে বিএলও-রা মোট ১৪ হাজার টাকা পাওয়ার কথা। বিএলও সুপারভাইজারদের ক্ষেত্রে এই অঙ্ক ১৮ হাজার টাকা। বর্তমানে রাজ্যে প্রায় ৮১ হাজার বিএলও কাজ করছেন।

অভিযোগ, কমিশনের তরফে বরাদ্দ অনুমোদন হলেও রাজ্যের কাছ থেকে টাকা না পাওয়ায় তাঁদের সান্মানিক দেওয়া যাচ্ছে না। বিএলও-দের দায়িত্বের মধ্যে রয়েছে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, পূরণ হওয়া ফর্ম সংগ্রহ করে কমিশনের কাছে পাঠানো এবং ভোটার তালিকা সংশোধনের কাজ।

বিএলও-দের একাংশের অভিযোগ, এসআইআর চলাকালীন ভোটারদের তথ্য অনলাইনে আপলোড করতে গিয়ে নিজেদের মোবাইল ডেটা খরচ করতে হচ্ছে। অনেকের কাছেই স্মার্টফোন না থাকায় নতুন করে ফোন কিনতে হয়েছে। এই বিষয়গুলি মাথায় রেখেই কমিশনের তরফে অতিরিক্ত ৬ হাজার টাকা পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবুও দীর্ঘদিন ধরে সান্মানিক না পাওয়ায় রাজ্যজুড়ে বিএলও-দের মধ্যে অসন্তোষ বাড়ছে। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, দ্রুত অর্থ ছাড় না হলে নির্বাচনী কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.