খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে দুবাইয়ের কন্ডিশন নিয়ে চিন্তিত নন রোহিত শর্মা

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে দিলেন—দুবাইয়ের আবহাওয়া, পিচ বা কন্ডিশন যা-ই হোক না কেন, তার দল প্রস্তুত।

ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স ও দলের ভারসাম্য নিয়েই রোহিতের আত্মবিশ্বাস। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর দলে থাকায় ভারতের বোলিং ও ব্যাটিং গভীরতা বেড়েছে। তিনি বলেন, “যদি মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ম্যাচ হয়, আমাদের বোলাররা সেটার সুবিধা নিতে জানে। আবার ব্যাটসম্যানরাও এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত।”

জশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণে বিশেষ নজর থাকবে মোহাম্মদ শামির দিকে, যিনি সদ্য চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। রোহিতের মতে, “শামির জন্য উইকেট নেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারতের জার্সিতে ফিরতে পারা। আশা করি, এই টুর্নামেন্টের শুরু থেকেই তিনি ছন্দ খুঁজে পাবেন।”

স্পিন বিভাগেও চমক আনার পরিকল্পনা আছে। ভরসা রাখা হচ্ছে লিস্ট ‘এ’ ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা রিস্টস্পিনার বরুণ চক্রবর্তীর ওপর। রোহিত জানান, “নেটে বেশি বৈচিত্র্য দেখায় না ও, ম্যাচে রাখে চমক। এমন বোলার দলে থাকা গুরুত্বপূর্ণ।”

ভারত একাদশে হর্ষিত রানাকে সুযোগ দেবে, নাকি আর্শদীপ সিং খেলবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে রোহিতের কথায় বোঝা যাচ্ছে, ম্যাচ পরিস্থিতি বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.