ভারতের তারকা শুটার মনু ভাকেরকে ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। তিনি অলিম্পিক্সে জোড়া পদকজয়ী, তাই কায়রোতে আয়োজিত শুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে তাঁর দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। কিন্তু হতাশাই সঙ্গী হলো। ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক্স তারকা মনু একটিও পদক জিততে পারলেন না। তবে হতাশ হওয়ার কারণ নেই, কারণ দলগত বিভাগে তাঁর পারফরম্যান্সের সুবাদে ভারত একটি রুপো ঘরে তুলেছে।১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে মনু উঠেছিলেন ঠিকই, এবং একসময় তিনি তালিকায় শীর্ষে ছিলেন। মনে হচ্ছিল, ব্যক্তিগত পদক আসছেই। কিন্তু ভাগ্য সহায় হলো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৪তম শটে তিনি মাত্র ৮.৮ স্কোর করেন। এই একটি বাজে শটই তাঁকে পদকের দৌড় থেকে দূরে ঠেলে দেয়। শেষ পর্যন্ত ১৩৯.৫ পয়েন্ট নিয়ে তাঁকে সপ্তম স্থানে সন্তুষ্ট থাকতে হয়।
প্যারিস অলিম্পিক্সে তিনি ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ও মিক্সড বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। তিনিই একমাত্র ভারতীয় মহিলা শুটার যিনি এক অলিম্পিক্সে দুটি ব্যক্তিগত পদক জিতে রেকর্ড করেছিলেন। মনুর কাছে এই বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জেতাটা খুবই জরুরি ছিল, কিন্তু সেই স্বপ্ন অধরাই রইল। ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টেও তিনি একটুর জন্য ব্রোঞ্জ হাতছাড়া করে চতুর্থ স্থানে শেষ করেন।মনু ভাকেরের পাশাপাশি আরেক প্রতিশ্রুতিশীল শুটার এশা সিংহও ব্যক্তিগত বিভাগে ভালো ফল করতে পারেননি। সম্প্রতি চিনে বিশ্ব গোল্ড কাপ জেতা এশা ১৪তম শটে ৮.৪ স্কোর করে পদকের লড়াই থেকে ছিটকে যান এবং ষষ্ঠ স্থানে শেষ করেন। তবে এই দুই তারকাকে নিয়ে গড়া মহিলা দলগত ইভেন্টে ভারত রুপো জিতেছে। মনু, এশা এবং সুরুচি সিংহের মিলিত পারফরম্যান্সে ভারত পদকটি নিশ্চিত করে। ফাইনালে মোট ১৭৪০ পয়েন্ট স্কোর করে তারা দ্বিতীয় স্থানে শেষ করে।
বর্তমানে এই বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারত একটি সোনা, তিনটি রুপো ও দু’টি ব্রোঞ্জ নিয়ে পাঁচ নম্বরে রয়েছে। পদক তালিকার শীর্ষে রয়েছে চিন।







