ফের নবান্ন অভিযানে উতপ্ত শহর কলকাতা। বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে সোমবার পথে নামলেন রাজ্যের মিড ডে মিল কর্মীরা। শিয়ালদহ থেকে নবান্নের উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশের বাধায় থমকে এই প্রতিবাদ মিছিল।
নিউ মার্কেট থানার সামনে পৌঁছতেই উত্তেজনার পারদ বেড়ে যায়। পুলিশের পক্ষ থেকে আগেই তিন স্তরের ব্যারিকেড বসানো হয়েছিল। সেখানেই মিছিল থামিয়ে দেওয়া হলে আন্দোলনকারীরা ক্ষোভে ফেটে পরে। অনেকে ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখাতে পারে। পাশাপশি চলে স্লোগান। তাদের দাবি অবিলম্বে বেতন ও ভাতা বাড়াতে হবে মিড ডে মিল কর্মীদের।
এদিনের মিছিলে অংশ নিতে আসে শতাধিক মিড ডে মিল কর্মী। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামান্য ভাতায় কাজ চালাতে হচ্ছে। মিলি বৃদ্ধি বাজারে এত কম ভাতায় সংসার চালানো রীতিমতো অসম্ভব। তাই দাবি আদায়ের উদ্দেশ্যে রাস্তায় নামতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা। পুলিশি বাধা, ব্যারিকেডে ধস্তাধস্তি ও কর্মীদের ক্ষোভে নিউ মার্কেট থানার আশেপাশের এলাকায় দীর্ঘক্ষণ রাস্তায় বন্ধ থাকে যান চলাচল। শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে আন্দোলনকারী জানিয়েছেন, “আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমেছি। কিন্তু আমাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে তাঁরা মানতে পারছে না। আমাদের আন্দোলনকে তাঁরা পুলিশ দিয়ে দমন করছে। একাধিক জেলা থেকে হাজার হাজার মহিলা কর্মী এসেছে। কিন্তু পুরুষ পুলিশ দিয়ে আমাদের রাস্তা আটকানো হয়েছে। আমাদের দাবি ১০ মাস নয়, ১২ মাসের জন্য মিড ডে মিল কর্মীদের ভাতা দিতে হবে। আমাদের দমন করার জন্য পুলিশ রাস্তা আটকেছে। আমরা এখানে বসে পড়ব। প্রয়োজনে ব্যারিকেড ভাঙা হবে। আমরা এখান থেকে নড়ছি না।”







