লাদাখের আন্দোলনের নতুন মোড়, শান্তিপূর্ণ দাবিদাওয়ার পথে নামলেও বুধবারের সেই বিক্ষোভ অগ্নিগর্ভ রূপ নেয়। ২০১৯ -এর আর্টিকেল ৩৭০ প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীর থেকে আলাদা করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। তবে স্থানীয়বাসিন্দাদের অভিযোগ, তারপর থেকেই ভূমি, পরিবেশ ও সাংস্কৃতিক অস্তিত্ব ক্রমশ সঙ্কটের মুখে পরছে। সেই উদ্বেগ থেকেই ষষ্ঠ তফসিলের দাবি, চাকরি ও ভূমি সংরক্ষণ সহ বিভিন্ন ইস্যুতে গত ১০ ই সেপ্টেম্বর লেহে ১৫ দিনের অনশনে বসেন বিশিষ্ট পরিবেশবিদ সোনম ওয়াংচুক।
বুধবার সকাল ১১:৩০ নাগাদ লেহ শহরের চিত্র আমূল বদলে যায়। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বিজেপি অফিস, চিফ এক্সিকিউটিভ কাউন্সিলের দফতর ও পুলিশ-সিআরপিএফের গাড়িতে ভাঙচুর চালায়। বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ করা হয়। পাল্টা পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও গুলি চালানোয় সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। সরকারি হিসেবে এদিন অন্তত চার জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৮০। সেই আহতদের তালিকায় রয়েছে বহু পুলিশ আধিকারিক। এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লেহ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আইনের ১৬৩ ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে বিএনএসএস সমাবেশ।সহিংসতার দায় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় সরকারের দাবি, সোনম ওয়াংচুকের ‘উস্কানিমূলক বক্তব্য’ই আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে।
এ প্রসঙ্গে সোনম ওয়াংচুক জানিয়েছেন, “মানুষ বিজেপির উপর ক্ষুব্ধ, আমি সহিংসতাকে সমর্থন করি না। বরং এই ঘটনা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ক্ষতি করেছে”।







