ঝলমলে শহর হংকংয়ের বহুতলই মুহূর্তে পরিণত হল মৃত্যুপুরীতে। বুধবার বিকেলে উত্তর হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্টের একটি ৩২ তলা আবাসনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪-এ। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি কমপক্ষে ৪৫ জন। এখনও পর্যন্ত ৩০০ বাসিন্দার খোঁজ মেলেনি, ফলে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে দমকলের ১৪০টি ইঞ্জিন এবং ৬০টি অ্যাম্বুল্যান্স।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই পুরো বিল্ডিং জুড়ে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া আর ছাই। রক্ষণাবেক্ষণের কাজ চলায় বহুতলের বাইরে ছিল বাঁশের ভারা। আগুন সেই ভারার কাঠ-তন্তু ধরে আরও ছড়িয়ে ভয়ঙ্কর আকার নেয়। দাহ্য উপাদান দিয়ে আবৃত বহুতলের বাইরের অংশ আগুনকে আরও উসকে দেয় বলে সন্দেহ। ভেতরে বহু ফ্ল্যাটের জানলা-দরজা বন্ধ থাকায় আতঙ্কে আটকা পড়ে মানুষ, বেরোনোর সুযোগও পাননি অনেকে। উদ্ধারকার্যে নামা এক দমকলকর্মীরও মৃত্যু হয়েছে।
দমকল ও প্রশাসন সূত্রে খবর, কমপ্লেক্সটির আটটি ব্লকে মিলিয়ে প্রায় ২০০০ ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ৯০০-র বেশি বাসিন্দাকে উদ্ধার করে অস্থায়ী শিবিরে সরানো হয়েছে, কিন্তু বাকিদের অনেকেরই খোঁজ নেই। চারদিকে ভাসছে আর্তনাদ—পরিবার, শিশু, বৃদ্ধ—অনেকে এখনও অপেক্ষায় প্রিয়জনের সন্ধানে।
অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, অপরাধমূলকভাবে অগ্নিসংযোগ বা নরহত্যায় তারা যুক্ত থাকতে পারে। তবে কীভাবে আগুন লাগানো হল, তদন্তকারীরা এখনও সে বিষয়ে মুখ খোলেননি।
হংকং প্রশাসন জানিয়েছে, এই অগ্নিকাণ্ড গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ১৯৯৬ সালে বাণিজ্যিক ভবনে লাগা আগুনের পর এত বড় বিপর্যয় আর দেখা যায়নি। পরিস্থিতির গুরুত্ব বুঝে শোক প্রকাশ করেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে বেজিং।
আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই চলছে এখনো। ধোঁয়ায় ঢেকে থাকা আকাশ আর ছাইয়ে পড়া শহরের মুখ যেন আজ একটাই প্রশ্ন—কত প্রাণের বিনিময়ে মিলবে আগুনের শেষ বিন্দু?







