পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার রায় এখনও অনিশ্চিত। ঠিক সেই সময়েই ত্রিপুরার সরকারি কর্মীদের জন্য খুশির বার্তা দিল মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকার। রাজ্যের প্রায় এক লক্ষ কর্মচারী ও প্রায় ৮৪ হাজার পেনশনভোগীর জন্য বাড়ানো হলো মহার্ঘ ভাতা (DA)।
শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ১ অক্টোবর থেকে রাজ্যের কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়ানো হবে। বর্তমানে ত্রিপুরার কর্মীরা ৩৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার বাড়তি তিন শতাংশ যোগ হয়ে তা পৌঁছল ৩৬ শতাংশে।
মানিক সাহা গর্বের সঙ্গেই জানালেন, তাঁর ২৯ মাসের শাসনকালে তিনি ইতিমধ্যেই কর্মীদের হাতে তুলে দিয়েছেন মোট ২৯ শতাংশ ডিএ। তাঁর মতে, লক্ষ্য একটাই—কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ ফারাক যতটা সম্ভব কমিয়ে আনা। তবে এখনও সেই ব্যবধান যথেষ্ট বড়। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা পান ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা, যা দীপাবলির আগে আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ফলে ফারাক এখনো ১৯ শতাংশ রয়ে গেল।
এই নতুন ঘোষণার ফলে রাজ্যের কোষাগারে বাড়তি চাপ পড়বে প্রায় ২৫ কোটি টাকা। তবুও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সুবিধাই তাঁর সরকারের অগ্রাধিকার। তিনি মনে করিয়ে দেন, ২০১৮ সালে ক্ষমতায় এসে তাঁর সরকার সপ্তম বেতন কমিশন কার্যকর করেছিল, যা কর্মীদের বেতন ও পেনশনের কাঠামোকে নতুন করে সাজিয়ে দেয়।







