কলকাতার ঠাকুরপুকুরে এক যুবতীকে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ ও হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে ঠাকুরপুকুর থানার পুলিশ মূল অভিযুক্ত-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই যুবতী তাঁর এক পরিচিত বন্ধুর বাড়িতে যান। অভিযোগ, সেখানে সুযোগ নিয়ে মূল অভিযুক্ত জোরপূর্বক তাঁকে ধর্ষণ করে। একই সঙ্গে উপস্থিত আর এক অভিযুক্ত যুবতীর পোশাক টেনে খুলে দিয়ে অশালীন আচরণ করে বলেও অভিযোগ উঠেছে।
নির্যাতিতার দাবি, ঘটনার পর যাতে তিনি কাউকে খবর দিতে না পারেন বা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সেই উদ্দেশ্যে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে তিনি কোনওভাবে ঠাকুরপুকুর থানায় পৌঁছে তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। অল্প সময়ের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা ইতিমধ্যে যুবতীর মোবাইল ফোন উদ্ধার করেছেন। কেন ফোনটি কেড়ে নেওয়া হয়েছিল এবং ঘটনার সময় প্রত্যেক অভিযুক্তের ভূমিকা কী ছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পরদিন মূল অভিযুক্তের বাড়িতে আরও দু’জন বন্ধু এসেছিলেন বলে তথ্য মিলেছে। তবে প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবুও ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে ঠাকুরপুকুর থানার পুলিশ।







