খেলাধুলা

ভেঙ্কটেশের ঝড়ে প্লে-অফে আরসিবি, টানা ষষ্ঠ হারে চাপে পাঞ্জাব

ভেঙ্কটেশের ঝড়ে প্লে-অফে আরসিবি, টানা ষষ্ঠ হারে চাপে পাঞ্জাব

আইপিএলের প্লে-অফের দৌড়ে বড় ধাক্কা খেল পাঞ্জাব কিংস। ধরমশালায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৩ রানের হারে টানা ষষ্ঠ পরাজয় দেখল শ্রেয়স আইয়ারের দল। অন্যদিকে, প্রাক্তন কেকেআর তারকা ভেঙ্কটেশ আইয়ারের দুরন্ত ব্যাটিংয়ে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে আনুষ্ঠানিকভাবে প্লে-অফে জায়গা নিশ্চিত করল আরসিবি। পাঞ্জাবের এই হারেই স্বস্তি বাড়ল কলকাতা নাইট রাইডার্সেরও।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স। শুরুতেই জেকব বেথেল দ্রুত ফিরলেও বিরাট কোহলি আবারও দলের ভরসা হয়ে ওঠেন। ৩৭ বলে ৫৮ রানের ঝকঝকে ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। দেবদত্ত পাড়িক্কল ২৫ বলে ৪৫ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে ম্যাচের আসল নায়ক ভেঙ্কটেশ আইয়ার। চোটের জন্য রজত পাতিদার না থাকায় সুযোগ পেয়ে ৪০ বলে ৭৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ৮টি চার ও ৪টি ছক্কা। শেষদিকে টিম ডেভিডের ১২ বলে ২৮ রানে ভর করে ২২২ রান তোলে বেঙ্গালুরু।
বড় রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাঞ্জাব। ভুবনেশ্বর কুমারের আগুনে স্পেলে প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দল। শ্রেয়স আইয়ারও ব্যর্থ হন। পরে কুপার কনোলি, সূর্যাংশ শেডগে ও মার্কাস স্টোয়নিস লড়াই করলেও ম্যাচের মোড় ঘোরাতে পারেননি। শেষদিকে শশাঙ্ক সিং ২৭ বলে ৫৬ রানের ঝড় তুললেও দলকে জেতাতে পারেননি। ১৯৯ রানেই থামে পাঞ্জাবের ইনিংস।
১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করল আরসিবি। ১৩ পয়েন্টে চার নম্বরে থাকা পাঞ্জাবের পরাজয়ে সুবিধা হল কেকেআর, রাজস্থান ও চেন্নাইয়ের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.