গতকাল হাওড়ায় এপিজে মেমোরিয়াল দুর্গা পূজার উদ্বোধন করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে একাধিক কটাক্ষমূলক কথা বলেন তিনি। তিনি বলেন,”‘আমরা নারী পাচারে এক নম্বর”।
এদিন কামদুনি মামলার প্রশ্নের উত্তরে তিনি বলেন,”কামদুনি কাণ্ডে দশ বছর পর ফল এল, দশ বার উকিল পরিবর্তন করেছেন মুখ্যমন্ত্রী, তাঁর নির্দেশে উকিল পরিবর্তন হয়েছে এবং যারা অপরাধী, নিম্ন আদালতে সাজা পেয়েছিল তারা খালাস এবং ফাঁসির সাজা প্রাপ্তদের যাবজ্জীবন হয়ে গেল। এই অবস্থা যদি বিচার ব্যবস্থায় হয়, কে ভয় পাবে! নির্ভয়া কাণ্ডের অপরাধীদের ফাঁসির সাজা হয়ে গেছে আর আমরা এখানে লড়াই করছি কামদুনির মেয়েরা কবে ন্যায় পাবে। এই যদি চলতে থাকে, মেয়েরা বারবার ধর্ষিতা হবে।” তিনি আরও বলেন, “আমরা নারী পাচারে এক নম্বর। বাংলার বাইরে বিভিন্ন নিষিদ্ধ পল্লী এলাকা বাংলার মেয়েতে ভর্তি, নিরপেক্ষ এনজিও-রাই একথা বলছে।”
বাসন্তীতে একই দিনে উদ্ধার হয়েছিল দুই মহিলার দেহ সেই প্রসঙ্গে তিনি বলেন,”শোনা গিয়েছে দুই অজ্ঞাত পরিচয় মহিলার দেহ পাওয়া গেছে। ওই দুই নারী ধর্ষিতা হয়েছে।আমরা শুধু মুখেই এগিয়ে বাংলা বলব আর কোনও কিছুতেই এগিয়ে থাকব না।”এরপর শিক্ষা ব্যবস্থাকে নিয়েও বলতে ছাড়েননি তিনি।
তিনি বলেন,”পুরো শিক্ষা ব্যবস্থাই এখন জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী ও এখন কারাগারের ভেতরে। যে ব্যবস্থা এখন রয়েছে সেটাও কিছুদিন পর ভেঙে পড়বে। এরকম অনেক এপিসোডি আপনারা দেখতে পাবেন অপেক্ষা করুন।”







